সারাদেশে নির্বাচনী জনমত তৈরি ও রাজনৈতিক সফরের অংশ হিসেবে আগামী বৃহস্পতিবার নওগাঁয় আসছেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় আমির ডা. শফিকুর রহমান। ওইদিন বেলা ১১টায় শহরের এটিম মাঠে অনুষ্ঠিতব্য এক নির্বাচনী জনসভায় তিনি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন।
মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে এটিম মাঠ পরিদর্শন শেষে জেলা জামায়াতের সাধারণ সম্পাদক এবং নওগাঁ-৫ (সদর) আসনের জামায়াত মনোনীত প্রার্থী অ্যাডভোকেট আ স ম সায়েম এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, ডা. শফিকুর রহমানের সঙ্গে ১১ দলীয় জোটের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দও নওগাঁয় সফর করবেন। জনসভার জন্য নির্ধারিত মাঠের প্রস্তুতি বর্তমানে পুরোদমে চলছে বলে তিনি উল্লেখ করেন।
অ্যাডভোকেট সায়েম আরও বলেন, “শুধু নওগাঁ নয়, সারাদেশের মানুষ এবার একটি কাঙ্ক্ষিত পরিবর্তন দেখতে চায়। ‘দাঁড়িপাল্লা’ প্রতীকের পক্ষে ব্যাপক জনসমর্থন তৈরি হয়েছে। আগামী বৃহস্পতিবার নওগাঁ শহর যেন ‘দাঁড়িপাল্লার’ শহরে পরিণত হবে এবং একটি সফল সমাবেশ অনুষ্ঠিত হবে।” তিনি আশা প্রকাশ করেন, এই জনসভায় জামায়াত আমির আগামীর বাংলাদেশের একটি রূপরেখা তুলে ধরবেন এবং দেশের মানুষ কেমন মাতৃভূমি চায়, সে বিষয়ে আলোকপাত করবেন। জেলার ১১টি উপজেলা থেকে বিপুল সংখ্যক নেতাকর্মী ও সমর্থক এই জনসভায় অংশগ্রহণ করবেন বলে আশা করা হচ্ছে। জেলা নেতৃবৃন্দ ধারণা করছেন, এই সমাবেশে প্রায় ৫ থেকে ৬ লাখ মানুষের সমাগম ঘটবে।
মাঠ পরিদর্শনকালে জেলা জামায়াতের সহ-সভাপতি সহকারী অধ্যাপক মহিউদ্দিন, সহ-সাধারণ সম্পাদক নাসির উদ্দিন, সদর উপজেলা জামায়াতের আমির অ্যাডভোকেট আব্দুর রহিম, অফিস সম্পাদক মাওলানা শফিকুল ইসলাম বাহারসহ অন্যান্য স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
রিপোর্টারের নাম 

























