আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে গাইবান্ধা-৩ (পলাশবাড়ী-সাদুল্লাপুর) আসনে নির্বাচন কমিশনের বিশেষ নজরদারির আওতায় আনা হয়েছে। এই আসনে মোট ১৪৬টি ভোটকেন্দ্রের মধ্যে ৫৬টিকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে, যা সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন আয়োজনের ক্ষেত্রে বিশেষ চ্যালেঞ্জ তৈরি করতে পারে।
পলাশবাড়ী পৌরসভা ও উপজেলার ৮টি ইউনিয়ন এবং সাদুল্লাপুর উপজেলার ১১ ইউনিয়নসহ মোট ১৯টি ইউনিয়ন নিয়ে গঠিত এই সংসদীয় আসনে মোট ভোটার সংখ্যা ৫ লক্ষ ৬ হাজার ১৮৫ জন।
সাদুল্লাপুর উপজেলায় মোট ৭৫টি ভোটকেন্দ্রের মধ্যে ৪৬টি কেন্দ্রকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। এই উপজেলায় মোট ভোটার সংখ্যা ২ লক্ষ ৭১ হাজার ৮৩৬ জন, যার মধ্যে পুরুষ ভোটার ১ লক্ষ ৩৪ হাজার ১৪৯ জন এবং নারী ভোটার ১ লক্ষ ৩৭ হাজার ৬৮১ জন। এছাড়াও, এখানে ৬ জন তৃতীয় লিঙ্গের ভোটার এবং ২১ হাজার ২৭ জন পোস্টাল ভোটার তালিকাভুক্ত হয়েছেন।
অন্যদিকে, পলাশবাড়ী উপজেলায় মোট ৭১টি ভোটকেন্দ্রের মধ্যে ১০টি কেন্দ্রকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। এই উপজেলায় মোট ভোটার সংখ্যা ২ লক্ষ ৩২ হাজার ২৩৮ জন। এদের মধ্যে পুরুষ ভোটার ১ লক্ষ ১৩ হাজার ৩১৪ জন এবং নারী ভোটার ১ লক্ষ ১৮ হাজার ৯২১ জন। এখানে ৩ জন তৃতীয় লিঙ্গের ভোটার এবং ২ হাজার ১১৫ জন পোস্টাল ভোটার রয়েছেন।
ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোকে ঘিরে যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে আইনশৃঙ্খলা বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে বলে জানিয়েছেন পলাশবাড়ী থানা অফিসার ইনচার্জ সারেয়ার আলম খান। তিনি আরও জানান, নির্বাচনকে কেন্দ্র করে শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে পুলিশ প্রশাসন সম্পূর্ণ প্রস্তুত।
সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ জাবের আহমেদ জানিয়েছেন, অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে প্রয়োজনীয় সকল প্রশাসনিক পদক্ষেপ গ্রহণ অব্যাহত রয়েছে। নিরপেক্ষতা বজায় রাখার স্বার্থে যেকোনো মুহূর্তে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। নির্বাচনকে ঘিরে ভোটারদের মধ্যে ব্যাপক আগ্রহ লক্ষ্য করা যাচ্ছে এবং পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থার মধ্য দিয়ে পলাশবাড়ীতে একটি শান্তিপূর্ণ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হবে বলে আশা করা হচ্ছে।
রিপোর্টারের নাম 

























