পিরোজপুরের ইন্দুরকানীতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে কটূক্তিমূলক মন্তব্যের প্রতিবাদে ২৪ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছেন জেলা বিএনপির সদস্য-সচিব এস এম সাইদুল ইসলাম কিসমত। সোমবার (২ ফেব্রুয়ারি) সন্ধ্যায় উপজেলার পাড়েরহাট ইউনিয়নের উমেদপুর গ্রামে অনুষ্ঠিত এক নির্বাচনী উঠান বৈঠকে তিনি এই আল্টিমেটাম দেন এবং কটূক্তিকারী জামায়াত নেতাকে প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি জানান।
জানা গেছে, সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ইন্দুরকানী উপজেলা জামায়াতের সাবেক সেক্রেটারি আব্দুল হাই একটি সভায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে আপত্তিকর মন্তব্য করেন। এই বক্তব্যের ভিডিও দ্রুত সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে স্থানীয় বিএনপি নেতাকর্মীসহ সাধারণ মানুষের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়।
এই ঘটনার প্রতিবাদে জেলা বিএনপির সদস্য-সচিব এস এম সাইদুল ইসলাম কিসমত বলেন, “আমার দলের চেয়ারম্যানকে নিয়ে একজন উপজেলা পর্যায়ের জামায়াত নেতা এমন রুচিহীন ও অবমাননাকর মন্তব্য করার সাহস কীভাবে পান?” তিনি অবিলম্বে আব্দুল হাইকে তার বক্তব্য প্রত্যাহার করে জাতির সামনে ও ইন্দুরকানী উপজেলার জনগণের কাছে প্রকাশ্যে ক্ষমা চাওয়ার জন্য ২৪ ঘণ্টার সময় বেঁধে দেন। অন্যথায় কঠোর পদক্ষেপের হুঁশিয়ারি দেন তিনি।
একইসাথে, তিনি পিরোজপুর-১ আসনে জামায়াতের প্রার্থী মাসুদ সাঈদীর কাছে এই বিষয়টি সুষ্ঠুভাবে তদন্ত করে বিচার দাবি করেন। উঠান বৈঠকে উপস্থিত অন্য বক্তারাও আগামী ২৪ ঘণ্টার মধ্যে সংশ্লিষ্ট জামায়াত নেতাকে ক্ষমা চাওয়ার আহ্বান জানান।
এ সময় উঠান বৈঠকে আরও উপস্থিত ছিলেন ইন্দুরকানী উপজেলা বিএনপির সভাপতি মো. ফরিদ আহমেদ, সাধারণ সম্পাদক আ. রাজ্জাক হাওলাদার, জেলা কৃষকদলের সভাপতি বাচ্চু, যুবদল নেতা রিয়াজ সরদার, উপজেলা যুবদলের সভাপতি আতিকুর রহমান, শ্রমিক দল সভাপতি আবুল কালামসহ বিএনপি ও এর অঙ্গসংগঠনের স্থানীয় নেতাকর্মীরা।
রিপোর্টারের নাম 

























