ফরিদপুর-৩ (সদর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী চৌধুরী নায়াব ইউসুফের একটি নির্বাচনী প্রচারণা ক্যাম্পে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। মঙ্গলবার ভোর আনুমানিক ৫টার দিকে সদর উপজেলার কানাইপুর ইউনিয়নের মৃগী এলাকায় তেঁতুলতলা বাসস্ট্যান্ড সংলগ্ন স্থানে এই ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, কানাইপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি ফরহাদের উদ্যোগে এই নির্বাচনী প্রচার কেন্দ্রটি স্থাপন করা হয়েছিল। মঙ্গলবার ভোরে হঠাৎ সেখানে আগুন জ্বলতে দেখে স্থানীয়রা আতঙ্কিত হয়ে পড়েন। ৪ নম্বর ওয়ার্ড বিএনপির সহ-সভাপতি রাজা শেখ ফজরের নামাজ শেষে মসজিদ থেকে ফেরার পথে ক্যাম্পে আগুন জ্বলতে দেখেন। পরবর্তীতে স্থানীয় বাসিন্দাদের সহায়তায় দ্রুত চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।
অগ্নিকাণ্ডে ক্যাম্পের একটি নির্বাচনী ব্যানার, একটি টেবিল এবং ডেকোরেটরের ব্যবহৃত কাপড় আংশিকভাবে পুড়ে গেছে। তবে কে বা কারা এই অগ্নিকাণ্ডের ঘটনার সাথে জড়িত, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো সুনির্দিষ্ট তথ্য পাওয়া যায়নি।
ফরিদপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শহীদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পাওয়ার পরপরই পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে। বিষয়টি গুরুত্বের সাথে খতিয়ে দেখা হচ্ছে। এই ঘটনায় লিখিত অভিযোগ প্রাপ্তি সাপেক্ষে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান তিনি।
রিপোর্টারের নাম 

























