আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে আইনশৃঙ্খলা বাহিনীর কোনো সদস্য যদি কোনো ব্যক্তি, দল বা রাজনৈতিক এজেন্ডার সঙ্গে যুক্ত হন, তবে তাদের বিরুদ্ধে বিভাগীয় ও কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি স্পষ্ট জানিয়েছেন যে, এ ব্যাপারে সরকার কোনো প্রকার ছাড় দেবে না।
মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) সকালে আগারগাঁও কোস্ট গার্ড সদর দফতরে ‘বাংলাদেশ কোস্ট গার্ড পদক প্রদান’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এই সতর্কবার্তা দেন তিনি। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে দায়িত্ব পালনের ক্ষেত্রে কোস্ট গার্ড সদস্যদের নিরপেক্ষতার প্রশ্নে সরকার বিন্দুমাত্র শৈথিল্য দেখাবে না।
কোস্ট গার্ড সদস্যদের বিভিন্ন গুরুত্বপূর্ণ অবদানের কথা উল্লেখ করে তিনি বলেন, উপকূলীয় এলাকা ও অভ্যন্তরীণ নৌপথে নিরাপত্তা নিশ্চিতকরণ, অবৈধ মৎস্য আহরণ প্রতিরোধ, অস্ত্র ও মাদক চোরাচালান, মানবপাচার, ডাকাতি ও জলদস্যুতা দমনে কোস্ট গার্ড অত্যন্ত সাহসিকতার সঙ্গে কাজ করে চলেছে। পাশাপাশি, নিয়মিত টহল কার্যক্রমের মাধ্যমে দুর্ঘটনাকবলিত নৌযান ও নাবিকদের উদ্ধার কার্যক্রমও সফলভাবে পরিচালনা করছে এই বাহিনী।
প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় কোস্ট গার্ডের ভূমিকার ভূয়সী প্রশংসা করে তিনি বলেন, ঘূর্ণিঝড়, বন্যা ও অন্যান্য দুর্যোগে উপকূলীয় জনগণকে সচেতন করা, উদ্ধার ও ত্রাণ বিতরণ, শীতবস্ত্র ও লাইফ জ্যাকেট বিতরণ এবং রোহিঙ্গা সংকট নিরসন কার্যক্রমে কোস্ট গার্ডের ভূমিকা অত্যন্ত প্রশংসনীয়।
আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট প্রসঙ্গে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, অবাধ, সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে বাংলাদেশ কোস্ট গার্ডের ৩ হাজার ৫৮৫ জন সদস্যসহ সারাদেশে প্রায় ৯ লাখ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে। এর অংশ হিসেবে বরিশাল, চট্টগ্রাম ও খুলনা বিভাগের বিভিন্ন জেলায় এরই মধ্যে ১০০টি প্লাটুন মোতায়েন করা হয়েছে।
নির্বাচনে নিরপেক্ষতা বজায় রাখার বিষয়ে তিনি কঠোর হুঁশিয়ারি দিয়ে বলেন, কোনো ব্যক্তি, দল বা রাজনৈতিক এজেন্ডার সঙ্গে জড়িত হলে সংশ্লিষ্ট সদস্যের বিরুদ্ধে বিভাগীয় ও কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
অনুষ্ঠানে দায়িত্ব পালনে কৃতিত্বপূর্ণ অবদানের জন্য ৪০ জন কোস্ট গার্ড সদস্যকে পদক প্রদান করা হয়। অনুষ্ঠানে মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি, কোস্ট গার্ডের মহাপরিচালক রিয়ার অ্যাডমিরাল মো. জিয়াউল হক এবং অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।
রিপোর্টারের নাম 





















