গুম ও খুনের অভিযোগে অভিযুক্ত ২৫ জন সেনা কর্মকর্তার বিচার প্রসঙ্গে জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, “আমরা যেকোনো অপরাধের বিরুদ্ধে। এটা কে করলো, সেনাবাহিনীর লোকেরা করলো, নাকি অন্য কেউ, সেটা ম্যাটার করে না। আমাদের কাছে অপরাধ যে করবে, সে একজন অপরাধী। এই কথাগুলো যত জায়গায় বলার দরকার, আমরা বলেছি।”
শুক্রবার (৩১ অক্টোবর) সকালে পূর্ব লন্ডনের হোয়াইটচ্যাপেল রোডস্থ হায়াত প্যালেস হোটেলে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। সংবাদ সম্মেলনে তিনি বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, গণভোট এবং পরবর্তী বাংলাদেশসহ বিভিন্ন বিষয়ে কথা বলেন ও সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।
ডা. শফিকুর রহমান যুক্তরাষ্ট্র থেকে বাংলাদেশে যাওয়ার পথে লন্ডনে যাত্রাবিরতিতে এই সংবাদ সম্মেলনে অংশ নেন। সংবাদ সম্মেলন শেষ করেই তিনি লন্ডন থেকে লুটন শহরের উদ্দেশে রওনা হন। সেখানে জুমার নামাজ শেষে তিনি একটি সমাবেশে যোগ দেবেন। এরপর বার্মিংহ্যাম ও লেস্টার শহরে আরও দুটো সমাবেশে অংশগ্রহণ করার কথা রয়েছে। জানা গেছে, শনিবার সকালে তিনি হিথ্রো এয়ারপোর্ট থেকে বাংলাদেশগামী ফ্লাইট ধরবেন।
সংবাদ সম্মেলনে যুক্তরাজ্যে জামায়াতে ইসলামীর মুখপাত্র ব্যারিস্টার আবু বকর মোল্লা, দলটির প্রতিনিধি ও ‘সেভ বাংলাদেশ’-এর চেয়ারম্যান ব্যারিস্টার নজরুল ইসলামসহ সংগঠনের অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন।
রিপোর্টারের নাম 























