কুমিল্লার চান্দিনায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ইলিয়টগঞ্জ মুরাদনগর রাস্তার মাথা এলাকায় এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় এক নারী ও তার পাঁচ বছর বয়সী শিশুসহ দুজন নিহত হয়েছেন। শনিবার (৩১ জানুয়ারি) সকাল সাড়ে ৮টার দিকে এই দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, কুমিল্লা থেকে ছেড়ে আসা ‘পাপিয়া সার্ভিস’ নামে একটি লোকাল বাস থেকে মা ও শিশু দুজনে নামার পর পেছন থেকে দ্রুতগতিতে আসা ‘নীলাচল’ পরিবহনের একটি বাস তাদের চাপা দেয়। এই ধাক্কায় ঘটনাস্থলেই ওই নারীর মৃত্যু হয়। গুরুতর আহত অবস্থায় শিশুটিকে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে তাকে দাউদকান্দি উপজেলার গৌরীপুর স্বাস্থ্য কমপ্লেক্সে স্থানান্তর করা হয়। কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।
দুর্ঘটনার পর ‘নীলাচল’ বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি মিনি কাভার্ডভ্যানের সঙ্গে সজোরে ধাক্কা খায়। এতে কাভার্ডভ্যানটির পেছনের অংশ দুমড়ে-মুচড়ে যায়।
ইলিয়টগঞ্জ হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) রুহুল আমিন জানিয়েছেন, দুর্ঘটনা কবলিত বাস দুটি এবং ক্ষতিগ্রস্ত কাভার্ডভ্যানটি উদ্ধার করে থানায় আনা হয়েছে। নিহতদের পরিচয় শনাক্তের জন্য পুলিশ কাজ করছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
রিপোর্টারের নাম 




















