লন্ডনে যুক্তরাজ্যের বাণিজ্য বিষয়ক প্রতিমন্ত্রী ক্রিস ব্রায়ান্টের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খালিলুর রহমান এবং প্রধানমন্ত্রীর উপদেষ্টা হুমায়ুন কবির। মঙ্গলবার অনুষ্ঠিত এই বৈঠকে দুই দেশের মধ্যে বিদ্যমান বাণিজ্য ও ব্যবসায়িক সম্পর্ক আরও জোরদারের উপায় নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
আলোচনায় বাংলাদেশের ব্লু ইকোনমি খাতে যুক্তরাজ্যের বিনিয়োগের সুযোগ উন্মোচন, ‘মেড ইন বাংলাদেশ’ ব্র্যান্ডের আন্তর্জাতিক বিস্তার, বিনিয়োগকারীদের স্বার্থ সুরক্ষা, শিক্ষা খাতে সহযোগিতা বৃদ্ধি এবং বহুপাক্ষিক সহযোগিতা সম্প্রসারণের মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলো উঠে আসে। উভয়পক্ষই এ মাসের শেষের দিকে ক্যামেরুনে অনুষ্ঠিতব্য ১৪তম বিশ্ব বাণিজ্য সংস্থা (ডব্লিউটিও) মন্ত্রীপর্যায়ের সম্মেলনকে সামনে রেখে নিবিড় যোগাযোগ বজায় রাখার বিষয়ে একমত হয়েছে।
এছাড়াও, যুক্তরাজ্যের বাণিজ্য দূত রোজি উইন্টারটন লন্ডনে বাংলাদেশ হাইকমিশনে পররাষ্ট্রমন্ত্রী ও প্রধানমন্ত্রীর উপদেষ্টার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। এই বৈঠকে সম্ভাব্য বিমান চলাচল খাতে সহযোগিতা এবং বাংলাদেশকে একটি আঞ্চলিক এভিয়েশন হাবে পরিণত করার উদ্যোগ নিয়ে ফলপ্রসূ আলোচনা হয়। বাংলাদেশের এভিয়েশন খাতকে এগিয়ে নিতে প্রতিনিধি দলটি দুটি পৃথক বৈঠকেও অংশ নেয়।
এদিকে, ২০২৭–২০৩৬ মেয়াদের জন্য আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে)-এর বিচারক পদে যুক্তরাজ্যের প্রার্থী অধ্যাপক ডাপো আকান্দে পররাষ্ট্রমন্ত্রী রহমান ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা কবিরের সঙ্গে সাক্ষাৎ করে তার প্রার্থিতা উপস্থাপন করেন। বৈঠকে উভয়পক্ষই বিভিন্ন বহুপাক্ষিক ফোরাম ও আন্তঃসরকারি নির্বাচনে বাংলাদেশ ও যুক্তরাজ্যের বিদ্যমান সহযোগিতায় সন্তোষ প্রকাশ করে এবং আন্তর্জাতিক আইন ও কূটনৈতিক অঙ্গনে ভবিষ্যতে এই অংশীদারিত্ব আরও জোরদারের অঙ্গীকার পুনর্ব্যক্ত করে।
রিপোর্টারের নাম 






















