ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (ডুয়েট) গাজীপুরে দুই দিনব্যাপী আন্তর্জাতিক যন্ত্রকৌশল, উৎপাদন ও প্রক্রিয়া প্রকৌশল (আইসিএমএমপিই-২০২৬) সম্মেলন শুরু হয়েছে। শুক্রবার সকালে বিশ্ববিদ্যালয়ের শহিদ শাকিল পারভেজ অডিটোরিয়ামে এই সম্মেলনের উদ্বোধন করা হয়। চতুর্থ ও পঞ্চম শিল্পবিপ্লবের চ্যালেঞ্জ মোকাবিলায় প্রকৌশলীদের উদ্ভাবনী ভূমিকা এবং যন্ত্রকৌশল প্রযুক্তির সর্বাধুনিক জ্ঞান বিনিময়ের লক্ষ্য নিয়ে এই আয়োজন।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক ড. এস এম এ ফায়েজ। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের বিদ্যুৎ বিভাগের সচিব মিসেস ফারজানা মমতাজ ভার্চুয়ালি বিশেষ অতিথি হিসেবে যুক্ত ছিলেন। ডুয়েটের উপাচার্য অধ্যাপক ড. মো. জয়নাল আবেদীন এবং প্রো-ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মো. আরেফিন কাওসারও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
উপাচার্য অধ্যাপক ড. মো. জয়নাল আবেদীন তাঁর বক্তব্যে বলেন, ন্যানোটেকনোলজি, অটোমেশন, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, ইন্টারনেট অব থিংস, থ্রিডি প্রিন্টিং, শক্তি সঞ্চয়, বৈদ্যুতিক যানবাহন, রোবোটিক্স ও স্মার্ট ম্যাটেরিয়ালসের মাধ্যমে চতুর্থ শিল্পবিপ্লব মানব সভ্যতাকে সমৃদ্ধ করছে। তিনি আশা প্রকাশ করেন, যন্ত্রকৌশল অনুষদের প্রকৌশলীরা তাঁদের উদ্ভাবনগুলোকে কাজে লাগিয়ে দেশ ও জাতিকে পঞ্চম শিল্পবিপ্লবের চ্যালেঞ্জ মোকাবেলায় নেতৃত্ব দেবে।
প্রো-ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মো. আরেফিন কাওসার উল্লেখ করেন, যন্ত্রকৌশল এখন কেবল যন্ত্রপাতির মধ্যে সীমাবদ্ধ নেই, বরং ন্যানো ম্যাটেরিয়ালস, ডিজিটাল ম্যানুফ্যাকচারিং, জ্বালানি সাশ্রয়ী ব্যবস্থা, হাইড্রোজেন শক্তি ও নবায়নযোগ্য প্রযুক্তির মাধ্যমে মানব সভ্যতায় যুগান্তকারী পরিবর্তন আনছে। তিনি বলেন, গবেষণামূলক দৃষ্টিভঙ্গি ও নতুন ধারণা বাস্তবায়নে এই সম্মেলন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
সম্মেলনের চেয়ার ও যন্ত্রকৌশল অনুষদের ডীন অধ্যাপক ড. মো. আনোয়ার হোসেন অংশগ্রহণকারীদের ধন্যবাদ জানিয়ে বলেন, প্রকৌশল প্রযুক্তির সর্বাধুনিক জ্ঞানের বৈশ্বিক বিনিময়ের প্ল্যাটফর্ম হিসেবে এই কনফারেন্স আগামীর টেকসই পৃথিবী গড়তে সহায়ক হবে। অর্গানাইজিং সেক্রেটারি অধ্যাপক ড. এ এন এম মোমিনুল ইসলাম মুকুট জানান, ‘আইসিএমএমপিই-২০২৬’ তরুণ গবেষকদের অভিজ্ঞ শিক্ষাবিদ ও শিল্প উদ্যোক্তাদের সঙ্গে সংযোগ স্থাপনের সুযোগ তৈরি করেছে।
সম্মেলনের প্রথম দিনে জাপানের সাগা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আকিও মিয়ারা, টোকিও মেট্রোপলিটন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক হিরোমিচি ওবারা, অস্ট্রেলিয়ার আরএমআইটি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক লিজিং ওয়াং এবং ইন্দোনেশিয়ার পলিটেকনিক পারকাপালান নেগেরীর ড. মুহাম্মদ আনিস মুসফিরিন সহ আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বক্তারা তাঁদের গবেষণাপত্র উপস্থাপন করেন। দুই দিনব্যাপী এই সম্মেলনে বাংলাদেশ ছাড়াও যুক্তরাষ্ট্র, কানাডা, অস্ট্রেলিয়া, জার্মানি, জাপান, চীন, ইন্দোনেশিয়া ও ফিলিপাইনের গবেষকরা মোট ১৯৫টি পেপার উপস্থাপন করবেন।
উদ্বোধনী অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডীন, বিভাগীয় প্রধান, পরিচালক, শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীসহ দেশ-বিদেশের শিক্ষাবিদ, বিজ্ঞানী ও গবেষকরা উপস্থিত ছিলেন।
রিপোর্টারের নাম 

























