কারিগরি শিক্ষায় দক্ষ জনশক্তি গড়ে তুলতে শিল্পখাত ও শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে একটি কার্যকর ও টেকসই সম্পর্ক স্থাপনকে অপরিহার্য শর্ত হিসেবে ঘোষণা করেছেন কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব মুহাম্মদ রফিকুল ইসলাম। তিনি বলেন, সময়োপযোগী কারিগরি শিক্ষা নিশ্চিত করতে এই সহযোগিতা এখন আর কোনো বিকল্প নয়, বরং অত্যাবশ্যকীয় পূর্বশর্ত।
গত ২৯ জানুয়ারি বৃহস্পতিবার গাজীপুরের ব্র্যাক সিডিএম অডিটোরিয়ামে ‘কারিগরি শিক্ষা: ইন্ডাস্ট্রি–ইনস্টিটিউট সম্পর্ক উন্নয়নে করণীয়’ শীর্ষক এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের অধীন কারিগরি শিক্ষা অধিদপ্তরের উদ্যোগে এবং এক্সেলেরেটিং অ্যান্ড স্ট্রেংথেনিং স্কিলস ফর ইকোনোমকিক ট্রান্সফরমেশন (এসসেট) প্রকল্পের সহযোগিতায় এই সেমিনারটি আয়োজিত হয়।
কারিগরি শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) আবুল খায়ের মোঃ আক্কাস আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত এই সেমিনারে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব শোয়াইব আহমাদ খান (কারিগরি অনুবিভাগ), সামসুর রহমান খান (উন্নয়ন অনুবিভাগ) ও মিজ রেহানা ইয়াছমিন (প্রশাসন ও অর্থ)। এছাড়াও প্রকল্প পরিচালক (অতিরিক্ত সচিব) প্রকৌশলী মীর জাহিদ হাসান এবং বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রকৌশলী মো. রুহুল আমিনসহ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
সেমিনারে দুটি গুরুত্বপূর্ণ প্রবন্ধ উপস্থাপন করা হয়। অর্থ মন্ত্রণালয়ের এসআইসিআই প্রকল্পের টিভিইটি স্পেশালিস্ট ড. মো. নুরুল ইসলাম ‘ইন্ডাস্ট্রি–ইনস্টিটিউট সম্পর্ক উন্নয়নে কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের ভূমিকা’ শীর্ষক প্রবন্ধে আলোকপাত করেন। অন্যদিকে, সিরামিক ইন্ডাস্ট্রি স্কিলস কাউন্সিলের ভাইস চেয়ারম্যান ইরফান আহমেদ ‘ইন্ডাস্ট্রি–ইনস্টিটিউট সম্পর্ক উন্নয়নে ইন্ডাস্ট্রির ভূমিকা’ বিষয়ে শিল্পখাতের বাস্তব অভিজ্ঞতা তুলে ধরেন।
প্রধান অতিথির বক্তব্যে সচিব মুহাম্মদ রফিকুল ইসলাম কারিগরি শিক্ষা ব্যবস্থাকে আরও বাস্তবমুখী ও কর্মসংস্থানভিত্তিক করতে সরকারের বিভিন্ন পদক্ষেপের কথা তুলে ধরেন। তিনি এক্ষেত্রে শিল্পখাতের সঙ্গে অংশীদারত্ব আরও জোরদার করার আহ্বান জানান।
সভাপতির বক্তব্যে কারিগরি শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক আবুল খায়ের মোঃ আক্কাস আলী বলেন, নীতিগত উদ্যোগের পাশাপাশি মাঠপর্যায়ে কার্যকর সমন্বয় অত্যন্ত জরুরি। এ ধরনের সেমিনার পারস্পরিক বোঝাপড়া ও সহযোগিতা বৃদ্ধিতে সহায়ক হবে বলে তিনি দৃঢ় আশাবাদ ব্যক্ত করেন।
বক্তারা একমত পোষণ করে বলেন, কারিগরি শিক্ষার পাঠ্যক্রম, প্রশিক্ষণ এবং মূল্যায়ন প্রক্রিয়ায় শিল্পখাতের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করা গেলে শিক্ষার্থীরা শ্রমবাজারের চাহিদা অনুযায়ী দক্ষ হয়ে উঠবে। এর ফলে শিল্পখাতও তাদের প্রয়োজনীয় মানবসম্পদ সহজে খুঁজে পাবে।
সেমিনারে শিল্পকারখানার মালিক, উদ্যোক্তা, শিল্পখাতের প্রতিনিধি, কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, কর্মকর্তা এবং বিশেষজ্ঞসহ প্রায় ৩০০ জন অংশগ্রহণ করেন।
রিপোর্টারের নাম 
























