নীলফামারীর জলঢাকা উপজেলার শিমুলবাড়ি ইউনিয়নে বিএনপির দশজন নেতাকর্মী বাংলাদেশ জামায়াতে ইসলামীতে আনুষ্ঠানিকভাবে যোগদান করেছেন। বৃহস্পতিবার দুপুরে শিমুলবাড়ি ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের ঘুঘুমারী গ্রামে জামায়াতের এক গণসংযোগ কর্মসূচিতে এই দলবদল অনুষ্ঠিত হয়। বিএনপির আদর্শচ্যুতি ও ভিন্নমুখী রাজনীতির অভিযোগ এনে জামায়াতের নীতি ও দেশপ্রেমে অনুপ্রাণিত হয়ে তারা এই সিদ্ধান্ত নিয়েছেন বলে জানিয়েছেন যোগদানকারীরা।
যোগদানকারী নেতাকর্মীদের নেতৃত্ব দেন শিমুলবাড়ি ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি শফিকুল ইসলাম এবং সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর আলম।
এ সময় শফিকুল ইসলাম বলেন, “বর্তমান বিএনপি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ থেকে সরে এসেছে এবং ভিন্নমুখী রাজনীতিতে পরিচালিত হচ্ছে। এই রাজনীতির মাধ্যমে দেশের প্রকৃত স্বাধীনতা ও ইসলামী মূল্যবোধ রক্ষা সম্ভব নয়।” তিনি আরও জানান, জামায়াতে ইসলামীর আদর্শ, নৈতিক রাজনীতি, সামগ্রিক কার্যক্রম ও দেশপ্রেম তাকে গভীরভাবে আকৃষ্ট করেছে। ইসলামী আদর্শের ভিত্তিতে একটি ন্যায়, ইনসাফভিত্তিক, শান্তিপূর্ণ, দুর্নীতিমুক্ত ও কল্যাণকর বাংলাদেশ গড়ার লক্ষ্যেই তিনি সহযোদ্ধাদের নিয়ে জামায়াতে যোগ দিয়েছেন।
অনুষ্ঠানে জামায়াত নেতা ও সাবেক ভাইস চেয়ারম্যান ফয়সাল মুরাদ এবং ছাত্রশিবির নীলফামারী জেলা সভাপতি তাজামুল হাসান নতুন যোগদানকারীদের ফুলের মালা দিয়ে বরণ করে নেন। এ সময় শিমুলবাড়ি ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি দেলোয়ার হোসেনসহ স্থানীয় ওয়ার্ড নেতাকর্মী ও এলাকাবাসীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তব্যে ফয়সাল মুরাদ বলেন, “আসন্ন নির্বাচনে জনগণ ব্যালটের মাধ্যমে জামায়াতে ইসলামীর পক্ষে রায় দেবে বলে আমরা আশাবাদী।” তিনি আরও উল্লেখ করেন, সব শ্রেণি-পেশার মানুষকে সঙ্গে নিয়ে একটি আধুনিক, দুর্নীতিমুক্ত ও ইনসাফভিত্তিক বাংলাদেশ গড়ে তোলাই জামায়াতে ইসলামীর লক্ষ্য। জামায়াতে ইসলামীর রাজনীতি জনগণের কল্যাণ ও আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য পরিচালিত হয় জানিয়ে তিনি নতুন যোগদানকারীদের ইসলামী আন্দোলনে সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান।
রিপোর্টারের নাম 
























