আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ঝিনাইদহ-৪ (কালীগঞ্জ উপজেলা ও সদরের চার ইউনিয়ন) আসনের বিএনপি মনোনীত প্রার্থী রাশেদ খান এলাকার শিক্ষা, স্বাস্থ্য ও যোগাযোগ ব্যবস্থার ব্যাপক উন্নয়নের প্রতিশ্রুতি দিয়েছেন। বুধবার বিকেলে কালীগঞ্জ শহরের সরকারি ভূষণ হাইস্কুল মাঠে এক জনসভায় তিনি এ ঘোষণা দেন।
জনসভায় দেওয়া বক্তব্যে রাশেদ খান বলেন, তিনি নির্বাচিত হলে এলাকার প্রতিটি কাঁচা রাস্তাকে পাকা করাসহ নাগরিকদের সকল মৌলিক সেবা নিশ্চিত করবেন। এলাকার শিক্ষা, স্বাস্থ্য ও যোগাযোগ ব্যবস্থার সামগ্রিক উন্নয়নে তিনি কাজ করবেন।
এ সময় তিনি ৫ আগস্টের পর থেকে যারা হাটবাজার দখল করে চাঁদাবাজি করছেন, তাদের হুঁশিয়ারি দিয়ে বলেন, তাদের এমন অবৈধ কার্যক্রম আর চলতে দেওয়া হবে না। যারা আওয়ামী লীগের নাম ব্যবহার করে মামলা দিয়ে চাঁদাবাজি করেছেন, তাদেরও কোনো ঠাঁই হবে না বলে তিনি উল্লেখ করেন।
হিন্দু ধর্মাবলম্বী জনগোষ্ঠীর উদ্দেশে রাশেদ খান বলেন, তারা নির্বিঘ্নে বসবাস করবেন এবং বিএনপির শাসনামলে তারা শতভাগ নিরাপদ থাকবেন। তিনি আরও বলেন, ধানের শীষ প্রতীক তারেক রহমানের আমানত। এই নাম ব্যবহার করে মিথ্যা বলে কেউ যেন কোনো প্রকার ফায়দা নেওয়ার চেষ্টা না করে। এমন চেষ্টা করলে তাদের ঝেঁটিয়ে বিদায় করার আহ্বান জানান তিনি।
এক স্বতন্ত্র প্রার্থীর সমালোচনা করে রাশেদ খান বলেন, দেশের সর্বোচ্চ বিদ্যাপিঠে লেখাপড়া করলেও তার মানসিকতার কোনো উন্নতি হয়নি। তিনি মিথ্যার আশ্রয় নিয়ে ভোট নেওয়ার চেষ্টা করছেন। এমন ভণ্ডদের ঝেঁটিয়ে বিদায় করার জন্য ভোটারদের প্রতি আহ্বান জানান তিনি।
রিপোর্টারের নাম 























