স্বরাষ্ট্র উপদেষ্টা লে. জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, আসন্ন সংসদ নির্বাচন ও গণভোটকে কেন্দ্র করে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি প্রত্যাশার চেয়েও অনেক ভালো। বিগত যেকোনো নির্বাচনের তুলনায় এবারের নির্বাচন আরও বেশি শান্তিপূর্ণ ও সুসংগঠিত হবে বলে তিনি দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। বুধবার বিকেলে সিলেটের সুবিদবাজারে পিটিআই অডিটোরিয়ামে বিভাগীয় আইনশৃঙ্খলাবিষয়ক মতবিনিময় সভা শেষে এক প্রেস ব্রিফিংয়ে তিনি এসব কথা জানান।
উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী জোর দিয়ে বলেন, এবারের নির্বাচনের প্রস্তুতি অত্যন্ত সুসংগঠিত এবং অতীতের যেকোনো সময়ের চেয়ে উন্নত। তিনি উল্লেখ করেন, নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার জন্য সর্বাত্মক ব্যবস্থা নেওয়া হয়েছে এবং এ বিষয়ে কোনো আপস করা হবে না। নির্বাচনকাজে নিয়োজিত কর্মকর্তাদের সততা ও পেশাদারিত্বের ওপর আস্থা রেখে তিনি বলেন, নির্বাচন পরিচালনার সঙ্গে সংশ্লিষ্ট সবাই অত্যন্ত ভালো ও সৎ কর্মকর্তা এবং তারা নিরপেক্ষভাবে দায়িত্ব পালনে প্রস্তুত।
সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করতে গৃহীত প্রস্তুতি ও পরিকল্পনার বিস্তারিত তুলে ধরে স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, এবার প্রতিটি ভোটিং সেন্টারে সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হবে। কিছু গুরুত্বপূর্ণ কেন্দ্রে ড্রোন ব্যবহার করা হবে এবং নিরাপত্তা কর্মীদের জন্য বডি ওর্ন ক্যামেরার ব্যবস্থা থাকবে। এছাড়া, যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় ডগ স্কোয়াড প্রস্তুত থাকবে। প্রতিটি কেন্দ্রে ১০ জন করে আনসার সদস্য মোতায়েন করা হবে, যার মধ্যে তিনজন সশস্ত্র আনসার থাকবেন।
নির্বাচনকালীন নিরাপত্তায় স্ট্রাইকিং ফোর্স হিসেবে সেনা, নৌ ও বিমানবাহিনী, র্যাব, বিজিবি, কোস্টগার্ড এবং পুলিশের সদস্যরা দায়িত্ব পালন করবেন। পাশাপাশি মোবাইল টিমও মাঠে সক্রিয় থাকবে। মতবিনিময় সভায় সিলেটের বিভাগীয় কমিশনার রেজা উন নবী, সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার আবদুল কুদ্দুছ চৌধুরী, সিলেটের জেলা প্রশাসক সারওয়ার আলম, সুনামগঞ্জ, হবিগঞ্জ ও মৌলভীবাজারের জেলা প্রশাসকগণসহ বিভাগের সকল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও), ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এবং সেনাবাহিনী, বিজিবি, র্যাবসহ বিভিন্ন আইন প্রয়োগকারী সংস্থার ঊর্ধ্বতন প্রতিনিধি ও সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
রিপোর্টারের নাম 























