বরিশালের মুলাদী উপজেলায় সেনাবাহিনীর মাদক ও অস্ত্র উদ্ধার অভিযানে আটজনকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার দিবাগত রাতে পরিচালিত এই অভিযানে একটি রিভলবার, বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র, ককটেল তৈরির কাঁচামাল এবং সন্ত্রাসী কার্যক্রমে ব্যবহৃত একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃতদের মধ্যে একাধিক হত্যা মামলার আসামিও রয়েছেন।
সেনাবাহিনী সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাত সাড়ে বারোটা থেকে মুলাদী উপজেলার সফিপুর ইউনিয়নের বালিয়াতলী এবং মন্তাজপুর এলাকায় এই অভিযান চালানো হয়। হিজলা উপজেলা আর্মি ক্যাম্প কমান্ডার মেজর জাহিদ এবং মুলাদী উপজেলা ক্যাম্প কমান্ডার মেজর তৌফিকের যৌথ নেতৃত্বে অভিযানটি পরিচালিত হয়।
অভিযানে পূর্বের চিহ্নিত অপরাধীসহ একটি রিভলবার, উল্লেখযোগ্য পরিমাণ দেশীয় অস্ত্র, ককটেল তৈরির বিভিন্ন উপকরণ এবং অবৈধ মালামাল উদ্ধার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন তিন হত্যা মামলার আসামি মো. ইয়াকুব হাওলাদার (২৫) ও নয়ন হাওলাদার (২৫), এবং তাদের সহযোগী জোবায়ের তালুকদার (২৬), মো. রহমাতুল্লাহ (২৫), রোকেয়া বেগম, মোসা. লাবন (২৮), মোরশেদা (৪৫) ও মিতু (২০)। আটককৃত সকলেই সফিপুর ইউনিয়নের উত্তর বালিয়াতলী এলাকার বাসিন্দা।
পরে গ্রেপ্তারকৃত ব্যক্তি এবং উদ্ধারকৃত সমস্ত অবৈধ মালামাল মুলাদী থানায় হস্তান্তর করা হয়েছে।
রিপোর্টারের নাম 























