ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনির প্রতি গভীর শ্রদ্ধা ও সংহতি প্রকাশ করেছেন বাহরাইনের শীর্ষ শিয়া ধর্মীয় নেতা শেখ ইসা কাসেম। তিনি বর্তমান বিশ্বের প্রেক্ষাপটে খামেনিকে একজন অনন্য এবং অতুলনীয় নেতা হিসেবে অভিহিত করেছেন।
শেখ ইসা কাসেম বলেন, আয়াতুল্লাহ খামেনির নেতৃত্ব কেবল রাজনৈতিক অঙ্গনেই সীমাবদ্ধ নয়, বরং তার গভীর ধর্মীয় প্রজ্ঞা, আধ্যাত্মিক উচ্চতা এবং শিক্ষাগত পটভূমি তাকে সমসাময়িক অন্যান্য নেতার চেয়ে আলাদা অবস্থানে বসিয়েছে। তার মতে, খামেনি এমন একজন ব্যক্তিত্ব যার আদর্শে অনুপ্রাণিত হয়ে ইরানের লাখ লাখ মানুষ যেকোনো ত্যাগ স্বীকার করতে দ্বিধাবোধ করেন না।
বাহরাইনের এই জ্যেষ্ঠ ধর্মীয় নেতা আরও উল্লেখ করেন, ইরানের সর্বস্তরের নারী ও পুরুষ তাদের সর্বোচ্চ নেতার প্রতি এতটাই অনুগত যে, তারা তার প্রতিটি নির্দেশনাকে পবিত্র ধর্মীয় আদেশ হিসেবে গ্রহণ করে। খামেনির এক ডাকে লাখ লাখ মানুষ নিজেদের জীবন উৎসর্গ করতে প্রস্তুত থাকা—তার নেতৃত্বের প্রতি জনগণের অবিচল আস্থা ও ভালোবাসারই বহিঃপ্রকাশ বলে তিনি মন্তব্য করেন।
শেখ ইসা কাসেমের মতে, খামেনির আধ্যাত্মিক ও রাজনৈতিক দূরদর্শিতা তাকে বিশ্বমঞ্চে এক প্রভাবশালী ও স্বতন্ত্র মর্যাদায় আসীন করেছে।
রিপোর্টারের নাম 
























