বড়লোক হওয়ার জন্য দাদা যেমন গুপ্তধন খুঁজে জীবন কাটিয়েছেন, নাতিরও ঠিক একই নেশা। দাদা সেই যে গুপ্তধনের সন্ধানে গিয়েছিলেন, আর ফিরে আসেননি। নাতিরও কি সেই একই দশা হবে? এমনই এক মজার ও রহস্যে ভরপুর গল্প নিয়ে ওটিটি প্ল্যাটফর্ম বঙ্গ নিয়ে আসছে তাদের নতুন নাটক ‘শর্টকাট’।
মাজিদুল ইসলামের পরিচালনায় এই নাটকে অভিনয় করেছেন ‘ব্যাচেলর পয়েন্ট’ খ্যাত জনপ্রিয় অভিনেতা শিমুল শর্মা। তার বিপরীতে দেখা যাবে লামিমা লামকে। নাটকটি আগামী ৩০ অক্টোবর বঙ্গ-তে মুক্তি পাবে।
গল্পের প্রধান চরিত্র হলো মুরাদপুর গ্রামের মামুন। তার দাদা গুপ্তধন খুঁজতে গিয়ে আর বাড়ি ফেরেননি। সেই দাদার পথ ধরেই মামুনেরও স্বপ্ন ‘শর্টকাটে’ বড়লোক হয়ে যাওয়া। কিন্তু তার এই নেশার কারণে প্রেমিকা লায়লার সঙ্গে শুরু হয় দ্বন্দ্ব। মামুন কি শেষ পর্যন্ত গুপ্তধন খুঁজে পাবে, নাকি তার ভাগ্যে অন্যকিছু লেখা আছে? এই রহস্যকে ঘিরেই নাটকের গল্প এগিয়েছে।
পরিচালক মাজিদুল ইসলাম বলেন, “‘শর্টকাট’ নাটকটি আমাদের সমাজেরই একটি প্রতিচ্ছবি। এখন সবাই খুব দ্রুত সাফল্য পেতে চায়, কিন্তু কেউই পরিশ্রমের মূল্য দিতে চায় না। আমরা এই গুরুত্বপূর্ণ বিষয়টাকেই হাসি-তামাশা ও রহস্যের মাধ্যমে তুলে ধরার চেষ্টা করেছি।”
নাটকটির গল্প ও চিত্রনাট্য শিমুল শর্মা নিজেই লিখেছেন। এতে মামুন চরিত্রে শিমুল শর্মা এবং লায়লা চরিত্রে লামিমা লাম অভিনয় করেছেন। এছাড়া অন্যান্য চরিত্রে আরও আছেন আব্দুল্লাহ রানা, ইশতিয়াক আহমেদ রুমেল, সামিউল হক ভূইয়া ও শাহাদত শিশির।
রিপোর্টারের নাম 

























