চট্টগ্রাম-৮ (বোয়ালখালী-চান্দগাঁও) আসনে বিএনপি মনোনীত প্রার্থী এরশাদ উল্লাহর নির্বাচনী গণসংযোগ ও পথসভার অদূরে ককটেল বিস্ফোরণের অভিযোগ উঠেছে। গতকাল সোমবার (২৬ জানুয়ারি) সন্ধ্যায় বোয়ালখালীর পূর্ব কধুরখীল উচ্চ বিদ্যালয়ের সামনে এই ঘটনা ঘটে। এতে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়লেও কেউ হতাহত হননি। তবে পুলিশ ঘটনাস্থলে কোনো ককটেলের আলামত পায়নি বলে জানিয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যা প্রায় ৬টার দিকে যখন সভা চলছিল, ঠিক তখনই সভাস্থল থেকে প্রায় ৫০ গজ দূরে পরপর দুটি প্রচণ্ড শব্দ শোনা যায়। আকস্মিক এই শব্দে জনসভায় উপস্থিত নেতাকর্মী ও সাধারণ মানুষের মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং অনেকেই ছোটাছুটি শুরু করেন।
বিস্ফোরণের পর স্বল্প সময়ের জন্য বিশৃঙ্খলা দেখা দিলেও, দ্রুতই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন বিএনপি নেতারা। এরপর সংক্ষিপ্ত পরিসরে সভা শেষ করে উপজেলা সদরে একটি বিক্ষোভ মিছিল করেন দলীয় নেতাকর্মীরা।
জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আজিজুল হক জানান, আল্লাহর রহমতে কেউ হতাহত হননি। তিনি এ ধরনের ন্যক্কারজনক কাজের সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত করে গ্রেপ্তারের দাবি জানান।
চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সদস্য শওকত আলম শওকত অভিযোগ করে বলেন, এটি পরিকল্পিতভাবে নির্বাচনী সভা লক্ষ্য করে ককটেল নিক্ষেপ করা হয়েছে এবং নির্বাচনকে ভিন্ন খাতে প্রবাহিত করার অপচেষ্টা চলছে। তিনি আরও বলেন, তার ধারণা—এটি জামায়াত-শিবিরের কাজ এবং আগামীকাল থেকে যেখানেই তাদের পাওয়া যাবে, সেখানেই প্রতিহত করা হবে।
এ ঘটনার সত্যতা নিশ্চিত করে বিএনপি প্রার্থী এরশাদ উল্লাহ বলেন, বক্তব্য দেওয়ার সময় হঠাৎ দুটি বিস্ফোরণের শব্দ পাই। ঘটনাটি প্রায় ৫০ গজ দূরে ঘটেছিল। এটি স্পষ্টতই নির্বাচনী পরিস্থিতি ঘোলাটে করার একটি অপচেষ্টা।
তবে বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজুর রহমান জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। কিন্তু সেখানে ককটেল বিস্ফোরণের কোনো আলামত পাওয়া যায়নি।
রিপোর্টারের নাম 





















