সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার পাগনার হাওরের গুরুত্বপূর্ণ উজ্জ্বলপুর বেড়িবাঁধ পানি উন্নয়ন বোর্ডের অবহেলায় বিপর্যয়ের মুখে পড়েছে। পাহাড়ি ঢলে সুরমা নদীর পানি বৃদ্ধি পাওয়ায় ভীমখালী ইউনিয়নের উজ্জ্বলপুর পুরাতন বেড়িবাঁধের একটি অংশ ভেঙে গেছে, যা ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি করেছে। এর ফলে শতাধিক বসতভিটা এবং বিস্তীর্ণ আমন ফসল ঝুঁকিতে পড়েছে।
স্থানীয়দের অভিযোগ, জামালগঞ্জ-সুনামগঞ্জ সড়কের সঙ্গে সংযুক্ত এই বেড়িবাঁধটি এলজিইডির গুরুত্বপূর্ণ সড়ক যোগাযোগ রক্ষায় ভূমিকা পালন করে এবং একই সঙ্গে পাগনার হাওরের ফসল রক্ষার জন্যও অত্যন্ত জরুরি। তারা জানান, ২০২৫-২৬ অর্থবছরে পানি উন্নয়ন বোর্ডের অধীনে ৪১টি বাঁধ ও বেড়িবাঁধ নির্মাণ ও মেরামত করা হলেও উজ্জ্বলপুরের এই গুরুত্বপূর্ণ বেড়িবাঁধটিতে কোনো কাজ হয়নি।
সরেজমিনে দেখা গেছে, ভাঙন দিয়ে পানি প্রবাহিত হয়ে বাঁধের পাশে ও নদী তীরবর্তী বসতবাড়ির মানুষজন চরম দুর্ভোগে পড়েছেন। একই সঙ্গে ভাঙনস্থলের পাশ দিয়ে জামালগঞ্জ-সুনামগঞ্জ সড়কের ব্রিজের নিচ দিয়ে পানি প্রবাহিত হওয়ায় গুরুত্বপূর্ণ এলজিইডি সড়কটিও ঝুঁকিতে রয়েছে। ২০২২ সালের আকস্মিক বন্যায় এই বেড়িবাঁধ ভেঙে জেলার সঙ্গে সরাসরি যোগাযোগের একমাত্র সড়ক জামালগঞ্জ-সুনামগঞ্জ রাস্তা বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল।
উজ্জ্বলপুর গ্রামের ব্যবসায়ী এমদাদুল হক জানান, বেড়িবাঁধ ভাঙার কারণে আমন ফসলের বিরাট ক্ষতি হবে এবং অনেক বসতবাড়ি হুমকির মুখে পড়েছে। নদীর পানি আরও বৃদ্ধি পেলে নিম্নাঞ্চল প্লাবিত হবে এবং জামালগঞ্জ-সুনামগঞ্জ সড়কও বিচ্ছিন্ন হতে পারে। তিনি বারবার কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করার পরও বাঁধটি মেরামত না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেন। স্থানীয় ইউপি চেয়ারম্যানকেও বিষয়টি জানানো হয়েছে, কিন্তু কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। হাওরের আমন ফসল, জামালগঞ্জ-সুনামগঞ্জ সড়ক এবং নদী তীরবর্তী জনবসতি রক্ষায় বাঁধটিতে জরুরি ভিত্তিতে কাজ করার জোর দাবি জানিয়েছেন তিনি।
উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সুমন কুমার সাহা বলেন, উজ্জ্বলপুর বেড়িবাঁধটি ভেঙে হাওরে পানি ঢোকার কারণে আমন ফসলের ক্ষতি হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। নদীর পানি বৃদ্ধি পেলে ঐ অঞ্চলের আমন ফসল ঝুঁকিতে পড়বে।
রিপোর্টারের নাম 
























