নারায়ণগঞ্জের ফতুল্লায় বিপুল পরিমাণ ফেনসিডিলের বিকল্প ‘ফেয়ারডাইল’ সিরাপসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (২৬ জানুয়ারি) ভোরে উপজেলার ইসদাইর নতুন রাস্তা এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এসময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি পিকআপ ভ্যানও জব্দ করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
গ্রেপ্তারকৃতরা হলেন— মো. মতিন মনির (৪৮) ও মো. শমসের আলী (৩২)।
পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে ফতুল্লা মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) জহিরুল ইসলাম ও এসআই মিলন ফকিরের নেতৃত্বে একটি চৌকস দল ইসদাইর নতুন রাস্তা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানকালে একটি নীল রঙের পিকআপ ভ্যান (ঢাকা মেট্রো-ল ১২-০৮৫৫) তল্লাশি করে ৬৬০ বোতল ভারতীয় নিষিদ্ধ ‘ফেয়ারডাইল’ সিরাপ উদ্ধার করা হয়। এই সিরাপগুলো ফেনসিডিলের বিকল্প হিসেবে মাদকসেবীদের কাছে বিক্রি করা হতো বলে জানিয়েছে পুলিশ।
ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মান্নান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আটককৃতরা দীর্ঘদিন ধরে নিষিদ্ধ এই সিরাপের কারবার চালিয়ে আসছিল। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। অধিকতর জিজ্ঞাসাবাদের জন্য আসামিদের রিমান্ড আবেদনসহ আদালতে পাঠানো হয়েছে। মাদকের বিস্তার রোধে পুলিশের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে তিনি উল্লেখ করেন।
রিপোর্টারের নাম 
























