আগামী ১২ ফেব্রুয়ারির জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে দেশবাসীকে ধৈর্যশীল ও সচেতন থাকার আহ্বান জানিয়েছেন ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন। তিনি বলেছেন, নাগরিক হিসেবে আমরা সর্বদা একটি আদর্শ ও জনবান্ধব সরকারের প্রত্যাশা করি। তবে রাজনৈতিক বাস্তবতায় সবসময় কাঙ্ক্ষিত ফলাফল নাও আসতে পারে। তাই ভালো সরকার গঠনের আশাবাদের পাশাপাশি যেকোনো পরিস্থিতির জন্যও সবাইকে মানসিকভাবে প্রস্তুত থাকতে হবে।
সোমবার (২৬ জানুয়ারি) দুপুরে চট্টগ্রামের সাতকানিয়ায় শতবর্ষী প্রাচীন আদালত ভবনের অবকাঠামো উন্নয়ন কাজের উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আসন্ন নির্বাচনকে জাতীয় জীবনের এক ঐতিহাসিক সন্ধিক্ষণ হিসেবে অভিহিত করে ধর্ম উপদেষ্টা বলেন, দীর্ঘ সময় পর দেশের মানুষ আবারও তাদের ভোটাধিকার প্রয়োগের সুযোগ পেতে যাচ্ছে। আমরা অত্যন্ত আশাবাদী যে, একটি উৎসবমুখর পরিবেশে অবাধ ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচন শেষে সাংবিধানিক প্রক্রিয়া অনুসরণ করে জনগণের ভোটে নির্বাচিত প্রতিনিধিদের হাতেই রাষ্ট্রীয় ক্ষমতা হস্তান্তর করা হবে।
নির্বাচন-পরবর্তী রাজনৈতিক বাস্তবতা নিয়ে সতর্কবার্তা দিয়ে ড. খালিদ হোসেন আরও বলেন, সুন্দর আগামীর প্রত্যাশা আমাদের সবার। তবে দায়িত্বশীল নাগরিক হিসেবে আমাদের মনে রাখতে হবে যে, সরকার সবসময় প্রত্যাশা অনুযায়ী নাও হতে পারে। তাই যেকোনো পরিস্থিতিতে ধৈর্য ধারণ করে সামাজিক স্থিতিশীলতা বজায় রাখা জরুরি।
সমাজে ন্যায়বিচার প্রতিষ্ঠার ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, যেখানে আইনের শাসন সংকুচিত হয়, সেখানেই ‘মব জাস্টিস’ বা আইন নিজের হাতে তুলে নেওয়ার মতো নেতিবাচক সংস্কৃতি গড়ে ওঠে। একটি সুস্থ ও সুন্দর সমাজ বিনির্মাণে আইনের শাসন নিশ্চিত করার কোনো বিকল্প নেই। সরকার জনগণের দোরগোড়ায় ন্যায়বিচার পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ এবং বিচারব্যবস্থাকে সাধারণ মানুষের জন্য সহজলভ্য করতে নিরলস কাজ করে যাচ্ছে।
সাতকানিয়া আদালতের আধুনিকায়ন প্রসঙ্গে উপদেষ্টা জানান, শতবর্ষী এই আদালত ভবনের জরাজীর্ণ দশা দূর করে সেখানে একটি আধুনিক বহুতল ভবন নির্মাণ করা হবে। ইতোমধ্যে সংশ্লিষ্ট স্থপতিদের সঙ্গে এ বিষয়ে প্রাথমিক আলোচনা সম্পন্ন হয়েছে। অবকাঠামোগত এই পরিবর্তনের ফলে বিচারপ্রার্থী মানুষ ও আইনজীবীরা উন্নত সেবা পাবেন বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
অনুষ্ঠানে স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, বিচার বিভাগের প্রতিনিধি, আইনজীবী এবং এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
রিপোর্টারের নাম 
























