দেশে প্রকৃত ইনসাফ ও ন্যায়বিচার প্রতিষ্ঠার জন্য ইসলামের সুমহান আদর্শের বিকল্প নেই বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম। তিনি বলেন, প্রচলিত শাসনব্যবস্থায় মানুষের কাঙ্ক্ষিত মুক্তি সম্ভব নয়; একমাত্র ইসলামী আদর্শের মাধ্যমেই জনগণের অধিকার নিশ্চিত করা সম্ভব।
রবিবার বিকেলে ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলার পশু হাসপাতাল মোড়ে আয়োজিত এক নির্বাচনি জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ময়মনসিংহ-৬ আসনে দলীয় প্রার্থীর পক্ষে জনমত গড়তে এই সমাবেশের আয়োজন করা হয়।
সমাবেশে রেজাউল করীম বলেন, দেশের মানুষ দীর্ঘদিন ধরে ইসলামের পক্ষে রায় দেওয়ার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে। ইনসাফ কায়েমের লক্ষ্যে ইসলামী আন্দোলন বাংলাদেশ ‘হাত পাখা’ প্রতীক নিয়ে লড়াই করে যাচ্ছে। তিনি আক্ষেপ করে বলেন, অতীতে ইসলামের পক্ষে জনমত থাকলেও নানা কৌশলে সেই সুযোগ ছিনতাই করা হয়েছে এবং বর্তমানে প্রচলিত আইনি কাঠামোতেই দেশ পরিচালিত হচ্ছে, যেখানে সাধারণ মানুষের প্রকৃত মুক্তি মিলছে না।
নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, বর্তমানে অনেক দল নির্বাচনে অংশ নিচ্ছে, তবে ইসলামী আন্দোলনই একমাত্র দল যারা ইসলামের সুমহান নীতি ও আদর্শকে সামনে রেখে রাজনীতি করছে। আগামী নির্বাচনে হাত পাখা প্রতীকের প্রার্থীকে বিজয়ী করার আহ্বান জানিয়ে তিনি আশাবাদ ব্যক্ত করেন যে, এই প্রতীক বিজয়ী হলে দেশে শান্তি ফিরবে এবং সাধারণ মানুষের মুখে হাসি ফুটবে।
ময়মনসিংহ-৬ আসনের হাতপাখার প্রার্থী মুফতি নূরে আলম সিদ্দিকীর সমর্থনে আয়োজিত এই নির্বাচনি জনসভায় জেলা ও উপজেলার বিভিন্ন পর্যায়ের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। সমাবেশে বিপুল সংখ্যক নেতাকর্মী ও সাধারণ সমর্থক উপস্থিত ছিলেন।
রিপোর্টারের নাম 






















