আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাওয়া ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে গত ২২ জানুয়ারি থেকে দেশজুড়ে প্রচার-প্রচারণা শুরু হয়েছে। এবারের নির্বাচনে অফলাইন প্রচারণার পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যম ও অনলাইন প্ল্যাটফর্মগুলোতেও দলগুলো ব্যাপক জোর দিচ্ছে। এর ধারাবাহিকতায়, বিভিন্ন রাজনৈতিক দল সম্পর্কে জানতে সাধারণ মানুষ গুগলে অনুসন্ধান করছেন।
কোনো নির্দিষ্ট সময়ে একটি দেশের মানুষ ইন্টারনেটে কী বিষয়ে সবচেয়ে বেশি খোঁজ করছেন, তা জানতে গুগল ট্রেন্ডস একটি জনপ্রিয় মাধ্যম। গুগল ট্রেন্ডসের তথ্য অনুযায়ী, কোনো শব্দ যত বেশি খোঁজা হয়, সেটি তত বেশি ট্রেন্ডিং তালিকার উপরের দিকে থাকে। নির্বাচনি প্রচার শুরুর দিন অর্থাৎ ২২ জানুয়ারি থেকে ২৬ জানুয়ারি (সোমবার) পর্যন্ত গুগল ট্রেন্ডসের তথ্য বিশ্লেষণ করে দেখা গেছে, দেশের প্রধান রাজনৈতিক দলগুলোর মধ্যে অনলাইন অনুসন্ধানে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) শীর্ষে রয়েছে।
এই সময়ের মধ্যে বাংলাদেশ থেকে গুগল সার্চ করা চারটি রাজনৈতিক দলের মধ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ৬৭ শতাংশ গড় আগ্রহ নিয়ে শীর্ষে অবস্থান করছে। ব্যবহারকারীরা বিএনপি, bnp, বিএনপির, তারেক রহমান, bnp bangladesh সহ বিভিন্ন কিওয়ার্ড ব্যবহার করে দলটি সম্পর্কে খোঁজ করেছেন।
দ্বিতীয় অবস্থানে রয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। গুগল ট্রেন্ডসে দলটির প্রতি গড় আগ্রহ ছিল ৪৫ শতাংশ। ব্যবহারকারীরা জামাত, জামায়াতের, jamaat, জামায়াতে ইসলামী ইত্যাদি কিওয়ার্ড ব্যবহার করে অনুসন্ধান করেছেন।
তৃতীয় স্থানে রয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। গুগল ট্রেন্ডসে দলটির প্রতি ব্যবহারকারীদের গড় আগ্রহ ছিল ১১ শতাংশ। ncp, এনসিপি, ncp bangladesh, জাতীয় নাগরিক পার্টি ইত্যাদি কিওয়ার্ড ব্যবহার করে দলটি সম্পর্কে খোঁজ করা হয়েছে।
চতুর্থ অবস্থানে থাকা ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রতি গড় আগ্রহ ছিল ৪ শতাংশ। ইসলামী আন্দোলন, ইসলামী আন্দোলন বাংলাদেশ, islami andolon, হাতপাখা, চরমোনাই ইত্যাদি কিওয়ার্ড ব্যবহার করে ব্যবহারকারীরা গুগলে অনুসন্ধান করেছেন।
গুগল সার্চের পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমেও দলগুলোর জনপ্রিয়তা লক্ষণীয়। ফলোয়ার সংখ্যার দিক থেকেও বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এগিয়ে রয়েছে। দলটির অফিশিয়াল ফেসবুক পেজে ফলোয়ারের সংখ্যা ৪.৭৩ মিলিয়ন। এরপর বাংলাদেশ জামায়াতে ইসলামীর অফিশিয়াল ফেসবুক পেজে ৩ মিলিয়ন ফলোয়ার রয়েছে। ইসলামী আন্দোলন বাংলাদেশের অফিশিয়াল ফেসবুক পেজে ফলোয়ারের সংখ্যা ১.৬ মিলিয়ন। অন্যদিকে, ন্যাশনাল সিটিজেন পার্টির (এনসিপি) ফেসবুক পেজে ১.৪ মিলিয়ন ফলোয়ার রয়েছে।
রিপোর্টারের নাম 
























