সুনামগঞ্জ সদর উপজেলার লালপুর গ্রামে আলু ক্ষেত নষ্ট করার ‘অপরাধে’ একটি ঘোড়াকে পিটিয়ে গুরুতর আহত করার পর গাছের ডালে ফাঁসিতে ঝুলিয়ে হত্যার অভিযোগ উঠেছে। সোমবার সকালে সংঘটিত এ ঘটনায় অভিযুক্ত জয়ধর আলী (৫৫) নামের এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার সকালে লালপুর গ্রামের জয়ধর আলীর আলু ক্ষেতে ঢুকে পড়ে একটি ঘোড়া। এতে ক্ষেতের কিছু অংশ নষ্ট হয়। এ ঘটনায় ক্ষিপ্ত হয়ে জয়ধর আলী প্রথমে ঘোড়াটিকে বেধড়ক মারধর করেন। পরে ঘোড়াটির গলায় ও পায়ে দড়ি পেঁচিয়ে একটি গাছের ডালে ফাঁসিতে ঝুলিয়ে দেন, এতে ঘটনাস্থলেই ঘোড়াটির মৃত্যু হয়।
এমন নৃশংস ঘটনার খবর দ্রুত ছড়িয়ে পড়লে এলাকায় তীব্র ক্ষোভের সৃষ্টি হয়। স্থানীয়রা সঙ্গে সঙ্গে পুলিশে খবর দেন। খবর পেয়ে সদর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্ত জয়ধর আলীকে আটক করে থানায় নিয়ে যায়।
ঘোড়ার প্রতি এমন নির্মম আচরণে হতবাক স্থানীয়রা এই ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। এ বিষয়ে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রতন শেখ জানান, অভিযুক্ত ব্যক্তিকে পুলিশ হেফাজতে রাখা হয়েছে। মৃত ঘোড়াটির ময়নাতদন্তের জন্য প্রাণী সম্পদ বিভাগকে জানানো হয়েছে এবং ঘোড়ার মালিকের সঙ্গেও যোগাযোগ করা হয়েছে। ময়নাতদন্ত প্রতিবেদন হাতে পাওয়ার পর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
রিপোর্টারের নাম 






















