অস্ট্রেলিয়ান ওপেনের পুরুষ ও নারী এককে দাপুটে জয় পেয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছেন ইতালির তারকা ইয়ানিক সিনার এবং পোল্যান্ডের ইগা শিয়াওটেক। গতকালের ম্যাচে সিনার স্বদেশি লুচিয়ানো দারদেরিকে সহজেই পরাজিত করেন। একই দিনে নারী এককে সরাসরি সেটে জয় তুলে নিয়েছেন জেসিকা পেগুলা ও ইগা শিয়াওটেক।
রড লেভার অ্যারেনায় পুরুষ এককের কোয়ার্টার ফাইনাল নিশ্চিতের লড়াইয়ে শুরু থেকেই দাপট দেখান সিনার। প্রথম দুই সেট অনায়াসে নিজের করে নিলেও তৃতীয় সেটে লুচিয়ানো দারদেরি ঘুরে দাঁড়ানোর চেষ্টা করেন, ফলে ম্যাচ গড়ায় টাইব্রেকারে। তবে শেষ পর্যন্ত দৃঢ়তা প্রদর্শন করে ৬–১, ৬–৩, ৭–৬ (৭–২) সেটে স্বদেশি দারদেরিকে হারিয়ে শেষ আটে জায়গা করে নেন সিনার। শেষ চারের পথে তার পরবর্তী প্রতিপক্ষ বেন শেলটন।
অন্য এক পুরুষ এককের ম্যাচে যুক্তরাষ্ট্রের নবম বাছাই টেইলর ফ্রির্টজকে পরাজিত করে চমক সৃষ্টি করেছেন ইতালির লরেঞ্জ মুসেত্তি। ফ্রির্টজকে ৬-২, ৭-৫, ৬-৪ সেটে হারান মুসেত্তি। প্রথম সেট সহজে জিতলেও দ্বিতীয় সেটে ফ্রির্টজ কিছুটা প্রতিরোধ গড়ে তোলেন। তবে শেষ হাসি হাসেন ইতালিয়ান এই তারকা, তৃতীয় সেটটিও নিজের করে নেন তিনি। কোয়ার্টার ফাইনালে মুসেত্তির প্রতিপক্ষ হবেন চতুর্থ বাছাই নোভাক জোকোভিচ। আগামী বুধবার সন্ধ্যায় এই দুই তারকা কোর্টে মুখোমুখি হবেন।
নারী এককে শীর্ষ ষষ্ঠ বাছাই জেসিকা পেগুলা স্বদেশি ম্যাডিসন কেইসের বিপক্ষে ৬-৩ ও ৬-৪ সেটে সরাসরি জয় তুলে নিয়েছেন। দিনের অন্য ম্যাচে পোলিশ সুন্দরী ইগা শিয়াওটেক অস্ট্রেলিয়ার ম্যাডিসন ইংলিসের বিপক্ষে একতরফা জয় পেয়েছেন। পুরো ম্যাচ জুড়েই নিজের আধিপত্য বজায় রাখেন শিয়াওটেক। প্রথম সেট ৬-০ ব্যবধানে জিতে নেন তিনি এবং দ্বিতীয় সেটও ৬-৩ ব্যবধানে জিতে কোয়ার্টার ফাইনালে নিজের স্থান নিশ্চিত করেন। শেষ আটের লড়াইয়ে শিয়াওটেক মুখোমুখি হবেন ইয়েলেনা রিবাকিনার। আজ সন্ধ্যায় এই ম্যাচ অনুষ্ঠিত হবে।
রিপোর্টারের নাম 























