মেহেরপুর শহরে যৌথ বাহিনীর তল্লাশি অভিযানে জেলা জামায়াতে ইসলামীর আমিরের ব্যবহৃত একটি নোহা মাইক্রোবাস থেকে ধারালো অস্ত্রশস্ত্রসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার সকালে শহরের হোটেল বাজার চার রাস্তার মোড়ে এই ঘটনা ঘটে।
পুলিশ সূত্রে জানা গেছে, যৌথ বাহিনীর নিয়মিত চেকপোস্টের অংশ হিসেবে এদিন সকালে হোটেল বাজার চার রাস্তার মোড়ে বিভিন্ন যানবাহন তল্লাশি করা হচ্ছিল। এ সময় ঢাকা মেট্রো চ ১৯-৪১৪৬ নম্বরের একটি সাদা রঙের নোহা মাইক্রোবাস থামিয়ে তল্লাশি শুরু করেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।
তল্লাশি চলাকালে মাইক্রোবাসটির ভেতর থেকে তিনটি ফোল্ডেবল স্টিক, একটি বিদেশি কুড়াল, একটি ইলেকট্রিক শকার, একটি প্লাস, তিনটি ওয়াকিটকি, চারটি চার্জার এবং একটি হ্যান্ড মাইক উদ্ধার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন- জামায়াত কর্মী সেলিম রেজা (২৭), জেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা তাজ উদ্দিন খানের ফেসবুক পেজের অ্যাডমিন শাহারুল ইসলাম এবং মাইক্রোবাসের চালক ইজারুল হক। মেহেরপুর সদর থানার উপ-পরিদর্শক বিএম রানা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে উদ্ধারকৃত অস্ত্রশস্ত্র ও মাইক্রোবাসটি জব্দ করা হয়েছে।
রিপোর্টারের নাম 






















