বার্সেলোনার তরুণ ফরোয়ার্ড লামিনে ইয়ামালকে ঘিরে ফুটবল বিশ্বে প্রত্যাশা ক্রমশ বাড়ছে। ক্যারিয়ারের শুরু থেকেই ঝলমলে পারফরম্যান্স দিয়ে তিনি নিজেকে প্রমাণ করে চলেছেন। অনেকেই তার মাঝে লিওনেল মেসির ছায়া দেখতে পান। এবার প্রতিপক্ষ দলের কোচের মুখ থেকেও এলো তার ব্যতিক্রমী প্রতিভার স্বীকৃতি। রিয়াল ওবিয়েডোর কোচ গিয়ের্মো আলমাদা ইয়ামালকে অভিহিত করেছেন ‘ভিন্ন গ্রহের খেলোয়াড়’ হিসেবে।
লা লিগার এক রোমাঞ্চকর ম্যাচে রোববার ওবিয়েডোকে ৩-০ গোলে হারায় বার্সেলোনা। এই ম্যাচে বার্সার হয়ে তৃতীয় গোলটি করেন ইয়ামাল, যা ছিল এক দৃষ্টিনন্দন প্রচেষ্টা। ওবিয়েডোর গোলরক্ষকের কাছ থেকে বল কিক হয়ে মাঝমাঠের কাছাকাছি আসতেই তা নিয়ন্ত্রণে নেন বার্সেলোনার মার্ক কাসাদো। তার বাড়ানো বল ফ্লিক করেন ওলমো। এরপর পেনাল্টি বক্সের ভেতরে বল পেয়ে অ্যাক্রোবেটিক ভলিতে জালে জড়ান ইয়ামাল। তার এই গোলটিই প্রতিপক্ষ কোচের নজর কেড়েছে বিশেষভাবে।
ম্যাচ শেষে ১৮ বছর বয়সী এই ফরোয়ার্ডের ভূয়সী প্রশংসা করেন আলমাদা। তিনি বলেন, “আমরা একজন ভিন্ন গ্যালাক্সির (গ্রহের) খেলোয়াড়কে নিয়ে কথা বলছি। তার মধ্যে অসাধারণ গুণাবলী রয়েছে এবং খেলার গুরুত্বপূর্ণ মুহূর্তগুলোতে সে নিজেকে মেলে ধরে। বয়স কম হলেও সে ইতোমধ্যেই একজন তারকা, যে ম্যাচের ভাগ্য নির্ধারণ করে দিতে পারে।”
কেবল প্রতিপক্ষ কোচই নন, বার্সেলোনা বস হ্যান্সি ফ্লিকও তার এই তরুণ শিষ্যর খেলায় মুগ্ধ। ফ্লিক বলেন, “আমার নজরে সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল দলের প্রথম গোলের সময় ইয়ামাল যা করেছে সেটা। যেভাবে সে চাপ তৈরি করেছে এবং বল রিকভার করে ওই গোলের সুযোগ তৈরি করেছে, এটাই আমরা চাই। এটাই ম্যাচের ভাগ্য গড়ে দেওয়া ও তিন পয়েন্ট পাওয়ার মূল চাবিকাঠি ছিল। আমার কাছে, এটা তৃতীয় গোলের চেয়েও গুরুত্বপূর্ণ ছিল। তবে, অবশ্যই ফুটবলে তার গোল দেখতে সবাই ভালোবাসে এবং আমি খুশি যে, সে এমন একটি গোল করেছে।” ফ্লিকের এই মন্তব্য ইয়ামালের শুধু গোল করার ক্ষমতা নয়, বরং দলের সামগ্রিক খেলায় তার অবদানকেও তুলে ধরে।
রিপোর্টারের নাম 























