নারায়ণগঞ্জ শহরে সরকারি জমিতে লিজ নিয়ে গড়ে ওঠা একটি মার্কেট দখলের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় বিএনপি নেতা নুরুল ইসলাম সরদার ও তার পাঁচ সহযোগীর বিরুদ্ধে। এ ঘটনায় গত রোববার রাতে মার্কেট মালিকদের পক্ষ থেকে মোয়াজ্জেম হোসেন নারায়ণগঞ্জ সদর মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।
জিডিতে অভিযুক্তরা হলেন শহরের আমলাপাড়া এলাকার তারা মিয়া সরদারের ছেলে নুরুল ইসলাম সরদার। তার অন্য সহযোগীরা হলেন হানিফ সরদার (৪৮), দুলাল সমীর (৪৭), আমিন (৪০), তানাভির (৩০) ও শাহিল (২৫)।
অভিযোগ সূত্রে জানা যায়, শহরের চারারগোপ এলাকায় বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) থেকে লিজ নেওয়া সরকারি জমিতে ‘বাইতুস ছালাত (মসজিদ) কো-অপারেটিভ শপিং সোসাইটি লিমিটেড’ নামে একটি মার্কেট পরিচালিত হচ্ছে। সম্প্রতি এই মার্কেটটি দখলের উদ্দেশ্যে বিএনপি নেতা নুরুল ইসলাম সরদার ও তার সহযোগীরা নানাভাবে চেষ্টা চালিয়ে আসছিলেন।
এ বিষয়ে পূর্বে নারায়ণগঞ্জ আদালতে একটি মামলাও দায়ের করা হয়েছিল। ওই মামলার পরিপ্রেক্ষিতে গত ১৯ আগস্ট অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতে একটি পিটিশন মামলা করা হয়। এই পিটিশন মামলার প্রেক্ষিতে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট নারায়ণগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) নালিশা ভূমিতে শান্তি-শৃঙ্খলা বজায় রাখার নির্দেশ দেন। পিটিশন মামলার আসামিরা হলেন মো. ফারুক আহম্মেদ (৪০), শফিকুল আলম সিদ্দিক, মো. ফাক্তাক ওরফে নোয়াখাইল্যা সরত, সাইদ (৩৫), ওমর আলী (৬৫) ও জামান (৫০)। পরবর্তীতে নারায়ণগঞ্জ সদর থানা থেকে গত ২৯ সেপ্টেম্বর বাদী ও বিবাদী উভয়পক্ষকে তফসিলে বর্ণিত নালিশি ভূমিতে শান্তি-শৃঙ্খলা বজায় রাখার জন্য নোটিশও দেওয়া হয়।
মোয়াজ্জেম হোসেন জিডিতে আরও উল্লেখ করেন, আদালতের নির্দেশ অমান্য করে মার্কেট থেকে তাদের উচ্ছেদ করতে সম্প্রতি বিভিন্ন সময়ে হুমকি দেওয়া হচ্ছিল। সর্বশেষ গত ২৪ জানুয়ারি সন্ধ্যায় আবারও তাদের হুমকি দেওয়া হয়।
এ বিষয়ে অভিযুক্ত বিএনপি নেতা নুরুল ইসলামের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি কল রিসিভ করেননি।
নারায়ণগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল হালিম জানান, এই বিষয়ে উভয়পক্ষ মিলে একটি সমাধান করেছে বলে জানা গেছে। বর্তমানে উভয়পক্ষের আর কোনো অভিযোগ নেই।
রিপোর্টারের নাম 






















