ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত সিলেট-১ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী হাফিজ মাওলানা মাহমুদুল হাসান বলেছেন, জামায়াতে ইসলামীর সঙ্গে আদর্শিক ভিন্নতার কারণে তারা জোটবদ্ধ হয়ে নির্বাচনে অংশ নেননি। বরং ইসলামি আদর্শকে ধারণ করে নিজেদের দলীয় প্রতীকেই স্বতন্ত্রভাবে লড়ছেন। সোমবার (২৬ জানুয়ারি) সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় ও প্রার্থী পরিচিতি সভায় তিনি এ মন্তব্য করেন।
সভায় মাহমুদুল হাসান সিলেটের উন্নয়নে তার ভবিষ্যৎ পরিকল্পনার কথা তুলে ধরেন। তিনি বলেন, সিলেটে বসবাসরত প্রবাসীদের কষ্টার্জিত সম্পদ দীর্ঘদিন ধরে সন্ত্রাসী ও দখলদারদের লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে। নির্বাচিত হলে এসব সম্পদ রক্ষায় কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। একই সঙ্গে তিনি চাঁদাবাজিমুক্ত বাজার ব্যবস্থা ও ব্যবসাবান্ধব পরিবেশ নিশ্চিত করার প্রতিশ্রুতি দেন। সিলেটকে চাঁদাবাজি, দুর্নীতি ও সন্ত্রাসমুক্ত একটি নিরাপদ ও বাসযোগ্য ‘মডেল নগর’ হিসেবে গড়ে তোলারও ঘোষণা দেন তিনি।
প্রার্থী মাহমুদুল হাসান আরও অভিযোগ করেন, সিলেটে মুসলিম, হিন্দু, খ্রিষ্টান, বৌদ্ধসহ বিভিন্ন ধর্মাবলম্বীদের মধ্যে বিভেদ তৈরি করে একটি ভয়ের পরিবেশ সৃষ্টি করা হয়েছে। পাশাপাশি দেশের অর্থনীতির অন্যতম চালিকাশক্তি প্রবাসী রেমিট্যান্স যোদ্ধারা দীর্ঘদিন ধরে অবহেলা ও অবমূল্যায়নের শিকার হচ্ছেন বলেও তিনি উল্লেখ করেন।
মতবিনিময় সভায় ইসলামী আন্দোলন বাংলাদেশ সিলেট মহানগর ও জেলা পর্যায়ের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
রিপোর্টারের নাম 
























