বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান অভিযোগ করেছেন যে, একটি নতুন গোষ্ঠী আসন্ন জাতীয় নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছে। এ ব্যাপারে সবাইকে সচেতন থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, গত ১৫-১৬ বছর ধরে দেশের মানুষ তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি এবং কথা বলার স্বাধীনতাও কেড়ে নেওয়া হয়েছে। যারা এসবের জন্য দায়ী, তারা এখন দেশ ছেড়ে চলে গেছে। সোমবার বিকেলে নোয়াখালীর হাতিয়ার দ্বীপ সরকারি কলেজ মাঠে আয়োজিত এক জনসভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
নেতাকর্মীদের উদ্দেশে তারেক রহমান বলেন, শুধু ভোট দিলেই চলবে না, ভোটকেন্দ্রে উপস্থিত থাকতে হবে এবং নিজেদের প্রতিটি ভোটের হিসাব বুঝে নিতে হবে। তিনি আরও উল্লেখ করেন, এই দেশ আমাদের সকলের। সকল ধর্ম-বর্ণের মানুষকে ঐক্যবদ্ধভাবে দেশের উন্নয়নে কাজ করতে হবে, কারণ এই দেশই আমাদের প্রথম ও শেষ আশ্রয়স্থল।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, দেশের বিদ্যমান সমস্যার সমাধান করতে হলে ধানের শীষকে বিজয়ী করতে হবে। তিনি অভিযোগ করেন, এর আগে এই এলাকার মানুষ অনেককে দেখেছে, কিন্তু তারা জনদুর্ভোগ নিরসনে কার্যকর পদক্ষেপ গ্রহণ করেনি। তারেক রহমান প্রতিশ্রুতি দেন, বিএনপি সরকার গঠন করলে হাতিয়ার নদী ভাঙন রোধ, বেড়িবাঁধ নির্মাণ এবং ব্লকবাঁধসহ সকল সমস্যার পর্যায়ক্রমিক সমাধান করা হবে। এ সময় তিনি নেতাকর্মীদের প্রতি ধানের শীষকে জয়যুক্ত করার দায়িত্ব স্মরণ করিয়ে দেন।
জনসভায় কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক (চট্টগ্রাম বিভাগের দায়িত্বপ্রাপ্ত) ও নোয়াখালী-৬ হাতিয়া আসনের ধানের শীষের প্রার্থী মাহবুবের রহমান শামীম, জেলা বিএনপির আহ্বায়ক মাহবুব আলমগীর আলোসহ জেলা ও উপজেলার বিএনপি ও অঙ্গ সংগঠনের হাজার হাজার নেতাকর্মী উপস্থিত ছিলেন।
রিপোর্টারের নাম 






















