বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, তার দল দেশের প্রতিটি সক্ষম পুরুষ ও নারীর জন্য মর্যাদাপূর্ণ কাজের ব্যবস্থা করে একটি বেকারত্বমুক্ত সমৃদ্ধ বাংলাদেশ গড়তে চায়। বিশেষ করে তরুণ প্রজন্মের শক্তিকে কাজে লাগিয়ে দেশকে দ্রুত এগিয়ে নেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন তিনি। সোমবার দুপুরে কুষ্টিয়ায় এক নির্বাচনি জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ডা. শফিকুর রহমান বলেন, মহান আল্লাহর ওপর ভরসা করে আমরা এমন একটি বাংলাদেশ গড়তে যাচ্ছি, যেখানে কোনো সক্ষম ব্যক্তি বেকার থাকবে না। তরুণ-তরুণীদের মেধা ও শ্রমকে সঠিকভাবে ব্যবহার করে দেশের সার্বিক উন্নয়নে তাদের যুক্ত করা হবে।
তিনি আরও বলেন, প্রচলিত শিক্ষাব্যবস্থার আমূল পরিবর্তন ঘটিয়ে একটি মেধাসম্পন্ন, কর্মমুখী ও মানবিক জাতি গঠন করা হবে। এই নতুন শিক্ষাব্যবস্থা দেশের প্রতিটি নাগরিককে আত্মনির্ভরশীল ও দক্ষ করে তুলবে।
জামায়াত আমির সমাজে ন্যায়বিচার প্রতিষ্ঠার ওপর জোর দিয়ে বলেন, বিচারব্যবস্থায় কোনো ধরনের বৈষম্য থাকবে না। রাষ্ট্রপতির জন্য যে বিচার প্রযোজ্য হবে, একজন সাধারণ শ্রমিক কিংবা রাস্তার একজন ভিক্ষুক ভাই বা বোনের জন্যও সেই একই বিচার নিশ্চিত করা হবে।
সবার সম্মিলিত সহযোগিতায় এমন একটি বাংলাদেশ প্রতিষ্ঠার প্রত্যয় ব্যক্ত করেন তিনি, যেখানে প্রতিটি নাগরিক গর্বের সঙ্গে নিজেকে ‘বাংলাদেশি’ হিসেবে পরিচয় দিতে পারবে।
কুষ্টিয়া জেলা জামায়াতের ভারপ্রাপ্ত আমির ও কুষ্টিয়া-২ আসনের প্রার্থী আব্দুল গফুরের সভাপতিত্বে অনুষ্ঠিত এই জনসভায় আরও বক্তব্য রাখেন জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও যশোর কুষ্টিয়া অঞ্চলের পরিচালক মোবারক হোসাইন, গণতান্ত্রিক পার্টির মুখপাত্র রাশেদ প্রধান, কুষ্টিয়া-১ আসনের জামায়াতের প্রার্থী অধ্যক্ষ বেলাল হোসাইন, কুষ্টিয়া-৩ আসনের প্রার্থী মুফতি আমীর হামজা, কুষ্টিয়া-৪ আসনের প্রার্থী আফজাল হুসাইন, জামায়াতের কেন্দ্রীয় শূরা সদস্য ও কুষ্টিয়া জেলা সেক্রেটারি অধ্যাপক সুজাউদ্দিন জোয়ার্দার এবং ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সেক্রেটারি সিবগাতুল্লাহ। এছাড়াও উপস্থিত ছিলেন খেলাফত মজলিসের কেন্দ্রীয় নায়েবে আমির অধ্যাপক সিরাজুল হক, ছাত্রশিবিরের কেন্দ্রীয় নেতা আমিরুল ইসলাম, জামায়াতের কেন্দ্রীয় শূরা সদস্য অধ্যাপক ফরহাদ হুসাইন, বাংলাদেশ খেলাফত মজলিসের কুষ্টিয়া জেলা সভাপতি মাওলানা আব্দুল লতিফ খান, জাতীয় নাগরিক পার্টির ইমাম নোমানী রাজু, এবি পার্টির কুষ্টিয়া জেলা যুগ্ম আহ্বায়ক বেলাল মাহমুদ, শিবিরের ইবি সভাপতি ইউসুফ আলী, কুষ্টিয়ার বৈষম্যবিরোধী আন্দোলনের সাবেক সদস্য সচিব মুস্তাফিজুর রহমান, শিবিরের কুষ্টিয়া জেলা সভাপতি জাহাঙ্গীর আলম এবং শিবিরের কুষ্টিয়া শহর সভাপতি আবু ইউসুফ প্রমুখ।
রিপোর্টারের নাম 





















