ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় খেলার মাঠে খেলতে আসা কয়েকজন কিশোর ও তরুণকে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নেতা কর্তৃক কান ধরে ওঠবস করানোর ঘটনায় তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছেন জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক এবং ঢাকা-১৬ আসনের ধানের শীষ প্রতীকের প্রার্থী আমিনুল হক। সোমবার সকালে মিরপুর-৬ এলাকায় নির্বাচনী প্রচারণার পঞ্চম দিনে এক গণসংযোগে অংশ নিয়ে তিনি এই ঘটনার কঠোর সমালোচনা করেন।
আমিনুল হক বলেন, “খেলার মাঠ হওয়া উচিত আনন্দ ও নিছক বিনোদনের জায়গা। কোনো অবস্থাতেই এটি শাস্তির ময়দান হতে পারে না।” সম্প্রতি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে খেলতে আসা কিশোরদের কানে ধরে ওঠবস করান ডাকসুর ক্রীড়া সম্পাদক সর্বমিত্র চাকমা। এ সময় ডাকসুর ক্রীড়া বিষয়ক উপ-সম্পাদক আরমান হোসেনও উপস্থিত ছিলেন বলে জানা গেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে এই লাঞ্ছনার ভিডিও ছড়িয়ে পড়লে দেশজুড়ে ব্যাপক সমালোচনার ঝড় ওঠে।
এই ঘটনার পরিপ্রেক্ষিতে আমিনুল হক বলেন, “বিশ্ববিদ্যালয়ের মাঠের মতো একটি গুরুত্বপূর্ণ স্থানে শিশুদের সঙ্গে এমন অমানবিক আচরণ অত্যন্ত দুঃখজনক এবং নিন্দনীয়।” তিনি আরও বলেন, “বিএনপি ক্ষমতায় আসলে ক্রীড়াঙ্গনে এমন অপসংস্কৃতি বন্ধ করে দেওয়া হবে। আমরা ক্রীড়াঙ্গনকে পেশাদার পর্যায়ে নিয়ে যেতে বদ্ধপরিকর। সেই সাথে, চতুর্থ শ্রেণি থেকেই খেলাধুলাকে জাতীয় শিক্ষাক্রমে বাধ্যতামূলক করা হবে।”
গণসংযোগ চলাকালে আমিনুল হক মিরপুর এলাকার দীর্ঘদিনের পুঞ্জীভূত সমস্যাগুলো সমাধানে নিজের পরিকল্পনার কথা তুলে ধরেন। তিনি আশ্বাস দেন যে, দীর্ঘদিন ধরে অবহেলিত মিরপুরের গ্যাস ও পানির লাইনগুলো পুনঃখনন করে আধুনিক সংযোগ নিশ্চিত করা হবে। এছাড়া, এলাকার কাঁচা রাস্তা ও ভাঙা গলি সংস্কারের জন্য একটি মাস্টারপ্ল্যান প্রণয়ন করা হবে। তরুণদের কর্মসংস্থানের বিষয়ে তিনি বলেন, কারিগরি শিক্ষা, তৃতীয় ভাষা শিক্ষা এবং অনলাইন জব ফেয়ারের মাধ্যমে ফ্রিল্যান্সিংয়ের সুযোগ তৈরি করে শিক্ষিত বেকারদের স্বাবলম্বী করে তোলা হবে।
এদিন মিরপুর-৬ এর বিভিন্ন ব্লকে আমিনুল হকের আগমনে সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতি লক্ষ্য করা যায়। অনেক বয়োবৃদ্ধ ভোটারকে এই সাবেক ফুটবলারকে জড়িয়ে ধরে তাদের শুভকামনা জানাতে দেখা গেছে। স্থানীয় ভোটাররা জানান, আমিনুল হক একজন ‘মাঠের মানুষ’ হিসেবে প্রতিটি অলিগলিতে সাধারণ মানুষের সমস্যার কথা শুনছেন, যা তাদের মধ্যে নতুন আশার সঞ্চার করেছে। পথসভা শেষে আমিনুল হক একটি মানবিক ও মাদকমুক্ত সমাজ গড়ার লক্ষ্যে দল-মত নির্বিশেষে সকলকে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে জয়যুক্ত করার আহ্বান জানান।
রিপোর্টারের নাম 

























