ঢাকা-১৮ আসনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মনোনীত প্রার্থী আরিফুল ইসলাম আদিবের ওপর অতর্কিত হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। সোমবার (২৬ জানুয়ারি) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে দলটির সহকারী সেক্রেটারি জেনারেল ও কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের এই ঘটনার তীব্র সমালোচনা করেন।
বিবৃতিতে অ্যাডভোকেট জুবায়ের অভিযোগ করেন, আজ সকালে ঢাকা-১৮ আসনে ১১ দলীয় নির্বাচনি ঐক্য সমর্থিত এনসিপি প্রার্থী আরিফুল ইসলাম তার নেতাকর্মীদের সঙ্গে নিয়ে খিলক্ষেত থানার ডুমনি নূরপাড়া এলাকায় গণসংযোগ করছিলেন। এসময় বিএনপির নেতাকর্মীরা তাদের ওপর অতর্কিত হামলা চালায়, যার ফলে বেশ কয়েকজন নেতাকর্মী আহত হয়েছেন। তিনি এই অন্যায় ও সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।
জামায়াতের এই নেতা বলেন, নির্বাচনী মাঠে প্রতিদ্বন্দ্বী প্রার্থীর ওপর এমন হামলা গণতন্ত্র ও রাজনৈতিক শিষ্টাচারের চরম লঙ্ঘন। এই ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। তিনি অবিলম্বে দোষীদের চিহ্নিত করে আইনের আওতায় আনার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানান।
নির্বাচনকালীন সময়ে একটি শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করা প্রশাসন ও নির্বাচন কমিশনের দায়িত্ব উল্লেখ করে অ্যাডভোকেট জুবায়ের বলেন, এ বিষয়ে কোনো ধরনের শৈথিল্য দেশবাসী মেনে নেবে না। তিনি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের পরিবেশ বজায় রাখার জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি আহ্বান জানান।
রিপোর্টারের নাম 

























