লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) চেয়ারম্যান ও বীর মুক্তিযোদ্ধা ড. কর্নেল (অব.) অলি আহমদ বীর বিক্রম বিএনপির বর্তমান নেতৃত্ব ও কর্মকাণ্ডের তীব্র সমালোচনা করেছেন। তিনি দাবি করেছেন যে, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং বেগম খালেদা জিয়ার সেই নীতি-আদর্শের বিএনপি এখন আর নেই। তাঁর মতে, দলটি এখন ‘ভাড়াটিয়া, মাস্তান, ঋণখেলাপি, সন্ত্রাসী এবং চাঁদাবাজদের’ হাতে জিম্মি হয়ে পড়েছে।
রোববার (২৫ জানুয়ারি) সন্ধ্যায় রাজধানীর ঢাকা আলিয়া মাদ্রাসা মাঠে জামায়াতে ইসলামীসহ ১১ দলীয় নির্বাচনি ঐক্যের এক বিশাল জনসভায় বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বিএনপিকে নিয়ে আক্রমণাত্মক বক্তব্য: বিএনপিকে লক্ষ্য করে কর্নেল অলি বলেন, “আপনাদের মুখে এখন আর হাসি নেই। দেশের মানুষ আপনাদের প্রত্যাখ্যান করেছে। শিগ্গিরই আপনাদের হাসি ও কাশি—সবই বন্ধ হয়ে যাবে।” তিনি আরও যোগ করেন, বিএনপির বর্তমান শোচনীয় অবস্থার জন্য অন্য কেউ নয়, বরং তাদের নিজেদের ‘কর্মফল’ দায়ী। বিএনপি বাজারে যে ‘পুরোনো রাজনৈতিক ওষুধ’ নিয়ে এসেছে, তা এই আধুনিক ও বৈজ্ঞানিক যুগে আর কাজ করবে না বলেও তিনি বিদ্রূপ করেন।
জামায়াত ও জোট নিয়ে সংশয় নিরসন: সমাবেশে জামায়াতে ইসলামীর শাসন নিয়ে মানুষের মনে থাকা নানা ভীতি দূর করার চেষ্টা করেন এলডিপি চেয়ারম্যান। তিনি বলেন, “প্রতিপক্ষ অপপ্রচার চালাচ্ছে যে জামায়াত ক্ষমতায় আসলে সবাইকে বোরকা পরতে হবে। আমি স্পষ্ট করে বলছি, এমন কিছু হবে না; যে যার মতো আছে সেভাবেই থাকবে। দেশ পরিচালিত হবে সংবিধান অনুযায়ী।” তিনি মঞ্চে উপস্থিত জোটের নেতাদের উচ্চশিক্ষিত পরিচয় তুলে ধরে বলেন, এখানে শুধু আলেমরা নন, বরং ব্যারিস্টার, ইঞ্জিনিয়ার এবং ডাক্তারদের সমাগম ঘটেছে। জোটের প্রধান ও জামায়াত আমীর ডা. শফিকুর রহমান নিজেই একজন চিকিৎসক।
জীবনের ‘শেষ যুদ্ধ’ ও ভোটারদের প্রতি আহ্বান: ৭৯ বছর বয়সী এই প্রবীণ রাজনীতিবিদ বর্তমান নির্বাচনি লড়াইকে তাঁর জীবনের ‘শেষ যুদ্ধ’ হিসেবে অভিহিত করেন। তিনি বলেন, এই যুদ্ধ সন্ত্রাস, চাঁদাবাজি ও টেন্ডারবাজির বিরুদ্ধে। ভোটারদের সতর্ক করে তিনি বলেন, “সামান্য টাকার বিনিময়ে বা মিথ্যে আশ্বাসে জাতিকে বিক্রি করবেন না। যারা বিগত ২৫ বছর মোদির গোলামি করেছে, সেই গোলামদের ভোট দেবেন না।” তিনি একটি সুস্থ সমাজ গড়তে ‘ভালো মানুষকে’ ভোট দেওয়ার এবং কোনো ‘হারামি’কে জনপ্রতিনিধি হিসেবে নির্বাচিত না করার আহ্বান জানান।
উল্লেখ্য, আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কর্নেল অলির দল এলডিপি জামায়াত ও ন্যাশনাল সিটিজেন পার্টির (এনসিপি) নেতৃত্বাধীন ১১ দলীয় নির্বাচনি ঐক্যের অংশ হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছে। এই জোট এখন নির্বাচনি ময়দানে বিএনপির অন্যতম প্রধান প্রতিপক্ষ হিসেবে আবির্ভূত হয়েছে।
রিপোর্টারের নাম 
























