সিলেট-২ আসনে বিএনপির মনোনীত প্রার্থী তাহসিনা রুশদীর লুনা আগামী ১২ তারিখের নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত পরিবারভিত্তিক উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নের আহ্বান জানিয়েছেন। গতকাল রবিবার সন্ধ্যায় ওসমানীনগর উপজেলার উমরপুর ইউনিয়ন বিএনপি আয়োজিত এক নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই আহ্বান জানান।
জনসভায় তাহসিনা রুশদীর লুনা বলেন, বিএনপি রাষ্ট্রক্ষমতায় এলে পরিবারকে উন্নয়নের মূল কেন্দ্রবিন্দুতে রেখে দেশ পরিচালনা করবে। প্রতিটি পরিবারের নারী সদস্যদের সম্মান ও নিরাপত্তা নিশ্চিত করতে নারীপ্রধান পরিবারগুলোর জন্য ‘ফ্যামিলি কার্ড’ চালু করা হবে। এছাড়াও, কৃষকদের অধিকার রক্ষা ও উৎপাদন বৃদ্ধিতে ‘কৃষি কার্ড’ প্রদান করা হবে। স্বাস্থ্যসেবাকে জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে বন্ধ হয়ে যাওয়া কমিউনিটি ক্লিনিকগুলো পুনরায় সচল করার প্রতিশ্রুতি দেন তিনি।
ইমাম ও মুয়াজ্জিনদের সম্মানজনক জীবন নিশ্চিত করতে তাদের বেতন বৃদ্ধির উদ্যোগ নেওয়া হবে। যুবসমাজের কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে দক্ষ জনশক্তি উন্নয়ন এবং কর্মমুখী প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে বলেও জানান তিনি।
উপজেলার বেহাল যোগাযোগ ব্যবস্থার কথা উল্লেখ করে লুনা বলেন, একসময় এই এলাকায় ইলিয়াস আলীর হাত ধরে যে উন্নয়ন হয়েছিল, তা আজও মানুষ স্মরণ করে। সেই উন্নয়নের ধারা ফিরিয়ে আনতে হলে আগামী নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট দেওয়া অপরিহার্য।
বক্তব্যের শেষে তিনি দেশনেত্রী বেগম খালেদা জিয়া, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং নিখোঁজ নেতা ইলিয়াস আলীর জন্য দোয়া কামনা করেন।
উমরপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আবুল বশরের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আব্দুল আউয়াল চৌধুরী ও যুগ্ম সাধারণ সম্পাদক আবু বক্কর সিদ্দিকের যৌথ পরিচালনায় অনুষ্ঠিত এই জনসভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক উপজেলা চেয়ারম্যান ও জেলা বিএনপির নেতা আলহাজ্ব ময়নুল হক চৌধুরী, উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক চেরাগ আলী, বর্তমান সভাপতি এস টি এম ফখর উদ্দিন, সহ-সভাপতি আলহাজ আব্দুল হেকিম, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ মিসবাহ, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ রায়হান আহমদ, আব্দুল জমির সহ উপজেলা ও ইউনিয়ন বিএনপি এবং অঙ্গসংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী ও সাধারণ জনগণ।
রিপোর্টারের নাম 
























