ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন পর্যবেক্ষণের জন্য প্রায় শতাধিক পর্যবেক্ষক মোতায়েন করবে। দেশের ৬৪টি জেলায় আগামী মার্চ মাস পর্যন্ত তারা দায়িত্ব পালন করবেন। তাদের পর্যবেক্ষণের প্রথম প্রতিবেদন আগামী ১৪ ফেব্রুয়ারি প্রকাশ করা হবে। রবিবার (২৫ জানুয়ারি) সিলেট প্রেসক্লাব ভবনে ক্লাব সভাপতি ও সাধারণ সম্পাদকের সঙ্গে এক মতবিনিময় সভায় ইইউ ইলেকশন অবজারভেশন মিশনের প্রেস অফিসার এভারহার্ড লিউই এসব তথ্য জানান।
লিউই আরও জানান, এটি তাদের একটি কারিগরি প্রক্রিয়া এবং তারা সম্পূর্ণ স্বাধীন ও নিরপেক্ষভাবে তাদের পর্যবেক্ষণ তুলে ধরবেন।
মতবিনিময়কালে এভারহার্ড লিউই সিলেটের গণমাধ্যমের বর্তমান পরিস্থিতি, সংবাদপত্রের স্বাধীনতা এবং সার্বিক নির্বাচনী পরিবেশ সম্পর্কে জানতে চান।
জবাবে সিলেট প্রেসক্লাব সভাপতি মুকতাবিস উন নূর উল্লেখ করেন যে, সিলেটের রাজনৈতিক দলগুলোর মধ্যে দীর্ঘকাল ধরে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বিদ্যমান, যা এই নির্বাচনেও অক্ষুণ্ণ রয়েছে। তিনি আরও জানান, এখানকার নির্বাচনী পরিবেশ এখনো অনুকূলে রয়েছে। বিগত নির্বাচনগুলোতে সিলেট প্রেসক্লাবের পক্ষ থেকে কন্ট্রোল রুম খোলা হয়েছিল এবং এবারও অনুরূপ ব্যবস্থা নেওয়া হবে। তিনি প্রায় ৬০ বছরের পুরনো সিলেট প্রেসক্লাবের গণতান্ত্রিক প্রক্রিয়ায় প্রতি দুই বছর অন্তর নির্বাচন অনুষ্ঠানের বিষয়টি তুলে ধরেন।
ঐতিহ্যবাহী সিলেট প্রেসক্লাবের সমৃদ্ধ ইতিহাস ও কার্যক্রম শুনে এভারহার্ড লিউই মুগ্ধতা প্রকাশ করেন এবং সাংবাদিকতার বিকাশে ক্লাব নেতৃবৃন্দের অবদান রাখার আশাবাদ ব্যক্ত করেন। সিলেট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ সিরাজুল ইসলাম ইইউ প্রেস অফিসারকে প্রেসক্লাবে আগমনের জন্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।
রিপোর্টারের নাম 





















