প্রশাসনের উপস্থিতিতেও যদি কেউ সাধারণ মানুষের ভোটাধিকার হরণ বা ভোট ডাকাতির চেষ্টা করে, তবে তা সম্মিলিতভাবে প্রতিহত করার আহ্বান জানিয়েছেন এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। তিনি বলেন, জনগণের ম্যান্ডেট ছিনিয়ে নেওয়ার যেকোনো অপচেষ্টা রুখে দিতে জনগণকে সজাগ থাকতে হবে।
রোববার (২৫ জানুয়ারি) কুমিল্লার দেবিদ্বার উপজেলার রসুলপুর ইউনিয়নের জীবনপুর গ্রামে আয়োজিত এক নির্বাচনী পদযাত্রা পরবর্তী সংক্ষিপ্ত সমাবেশে তিনি এসব কথা বলেন।
নির্বাচনী পরিবেশ ও জননিরাপত্তার বিষয়ে গুরুত্বারোপ করে হাসনাত আব্দুল্লাহ বলেন, রাজনীতিতে দুর্বৃত্তায়ন ও ভোট চুরির সংস্কৃতি চিরতরে বন্ধ করতে হবে। ব্যাংক ডাকাতদের মতো যারা ভোটের ফল পরিবর্তন করতে চায়, তাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ অবস্থান নিতে হবে। নির্বাচনের দিন ভোট গ্রহণ থেকে শুরু করে চূড়ান্ত ফলাফল ঘোষণা পর্যন্ত প্রতিটি মুহূর্ত অত্যন্ত সতর্কতার সঙ্গে পর্যবেক্ষণ করার জন্য তিনি উপস্থিত সবার প্রতি আহ্বান জানান।
নিজের জন্মস্থান রসুলপুর ইউনিয়নের ভোটারদের প্রতি বিশেষ আবেগ প্রকাশ করে তিনি বলেন, “আমি এ মাটিরই সন্তান। এখানকার প্রায় ২২ হাজার ভোটারের প্রত্যেকেই আমার আপনজন। দল-মত ও ধর্ম-বর্ণের ঊর্ধ্বে উঠে অন্যায়ের বিরুদ্ধে আপনাদের রুখে দাঁড়াতে হবে।” এসময় তিনি ‘শাপলা কলি’ প্রতীকে ভোট দিয়ে তার বিজয় নিশ্চিত করার জন্য ইউনিয়নের বাসিন্দাদের প্রতি অনুরোধ জানান।
নারী ভোটারদের উদ্দেশ্যে হাসনাত আব্দুল্লাহ বলেন, নির্বাচনী প্রচারণায় নারীদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিজয়ের লক্ষ্য অর্জনে প্রত্যেক নারী ভোটারকে অন্তত ১০ জন করে নতুন ভোটারের সমর্থন নিশ্চিত করার দায়িত্ব নেওয়ার পরামর্শ দেন তিনি।
সমাবেশে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কুমিল্লা উত্তর জেলা জামায়াতের সেক্রেটারি সাইফুল ইসলাম শহীদ, এনসিপির দেবিদ্বার উপজেলা ভারপ্রাপ্ত আহ্বায়ক মো. জাহাঙ্গীর আলম এবং যুবশক্তির কেন্দ্রীয় নেতা নাহিদুল ইসলাম নাহিদসহ এনসিপি ও জামায়াতের স্থানীয় বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। নির্বাচনী পদযাত্রাটি এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে এবং সাধারণ মানুষের ব্যাপক উপস্থিতিতে মুখরিত হয়ে ওঠে।
রিপোর্টারের নাম 
























