চাঁদপুরে রাজনৈতিক সমীকরণে নতুন মোড় নিয়েছে। আসন্ন নির্বাচনে চাঁদপুর-৩ আসনে ধানের শীষের প্রার্থী শেখ ফরিদ আহমেদ মানিককে আনুষ্ঠানিক সমর্থন জানিয়েছে জেলা জাতীয় পার্টি। রোববার দুপুরে চাঁদপুর শহরের বিপণীবাগ এলাকায় আয়োজিত এক বিশেষ আলোচনা সভায় এই ঘোষণা দেওয়া হয়।
জাতীয় পার্টির চাঁদপুর পৌর শাখার আহ্বায়ক সিরাজুল ইসলাম সিরু মিজির সভাপতিত্বে অনুষ্ঠিত ওই সভায় দলটির জেলা ও পৌর পর্যায়ের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন। সভায় বক্তারা বলেন, দেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে গণতন্ত্র পুনরুদ্ধার এবং জনগণের ভোটাধিকার ফিরিয়ে আনার লক্ষ্যেই জাতীয় পার্টি এই সিদ্ধান্ত নিয়েছে। তারা আশাবাদ ব্যক্ত করেন যে, দুই দলের এই সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে চাঁদপুর-৩ আসনের সাধারণ মানুষের দীর্ঘদিনের প্রত্যাশা বাস্তবায়ন করা সম্ভব হবে।
সভায় উপস্থিত জাতীয় পার্টির বিভিন্ন স্তরের নেতাকর্মীরা ধানের শীষের প্রার্থীর পক্ষে ঐক্যবদ্ধভাবে নির্বাচনী মাঠে কাজ করার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন। তারা জানান, তৃণমূল পর্যায়ে সমন্বয় করে প্রচার-প্রচারণা চালিয়ে বিজয় নিশ্চিত করাই এখন তাদের প্রধান লক্ষ্য।
জাতীয় পার্টির এই সমর্থনকে স্বাগত জানিয়ে বিএনপির প্রার্থী শেখ ফরিদ আহমেদ মানিক বলেন, “সামনের দিকে এগিয়ে যাওয়ার ক্ষেত্রে জাতীয় পার্টির এই সমর্থন অত্যন্ত ইতিবাচক। এর ফলে আমাদের ভোটের ব্যবধান আরও বৃদ্ধি পাবে। একটি সমৃদ্ধ চাঁদপুর গড়তে আমাদের সবার ঐক্যবদ্ধ সহযোগিতা প্রয়োজন।” তিনি আরও উল্লেখ করেন, তারেক রহমানকে দেশের প্রধানমন্ত্রী হিসেবে দেখার লক্ষ্যেই জাতীয় পার্টি তাদের এই সংহতি প্রকাশ করেছে।
রিপোর্টারের নাম 






















