ব্যাংককে অনুষ্ঠিত সাফ নারী ফুটসালে মালদ্বীপকে বড় ব্যবধানে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করায় বাংলাদেশ জাতীয় নারী দলকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
রোববার এক অভিনন্দন বার্তায় বিএনপি মহাসচিব বলেন, আন্তর্জাতিক এই ক্রীড়া আসরে মালদ্বীপকে ১৪-০ গোলের বিশাল ব্যবধানে হারিয়ে বাংলাদেশ যে অভাবনীয় সাফল্য অর্জন করেছে, তাতে পুরো জাতি গর্বিত। এটি সাফ ফুটসালে বাংলাদেশের অন্যতম বড় জয়, যা বিশ্বমঞ্চে দেশের ভাবমূর্তি উজ্জ্বল করেছে। এই অর্জনের মাধ্যমে বাংলাদেশের নারী ফুটবলাররা তাদের অদম্য মনোবল ও অসাধারণ ক্রীড়া নৈপুণ্যের পরিচয় দিয়েছেন।
মির্জা ফখরুল ইসলাম আলমগীর আশা প্রকাশ করেন যে, এই জয়ের ধারা বজায় রেখে অদূর ভবিষ্যতে বাংলাদেশের নারীরা ক্রীড়াঙ্গনে আরও বড় সাফল্য বয়ে আনতে সক্ষম হবে। তিনি বলেন, এই বিজয় দেশের তরুণ ক্রীড়াবিদদের জন্য এক বড় অনুপ্রেরণা হিসেবে কাজ করবে।
অভিনন্দন বার্তায় তিনি খেলোয়াড়দের পাশাপাশি দলের কোচ, কর্মকর্তা এবং সংশ্লিষ্ট সকলকে তাদের কঠোর পরিশ্রম ও নিবেদনের জন্য সাধুবাদ জানান এবং তাদের উত্তরোত্তর সাফল্য ও মঙ্গল কামনা করেন।
রিপোর্টারের নাম 























