পটুয়াখালীর মির্জাগঞ্জে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সংঘটিত চাঞ্চল্যকর কৃষক দুলাল মল্লিক হত্যা মামলার প্রধান আসামি মো. মহারাজ খানকে (৪৭) গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার সকালে পটুয়াখালী সদর থানার ছোট বিঘাই এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত মহারাজ খান মির্জাগঞ্জ উপজেলার কাকড়াবুনিয়া ইউনিয়নের মুকুমা গ্রামের মৃত মোতাহার খানের ছেলে। হত্যাকাণ্ডের পর থেকেই তিনি আত্মগোপনে ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত ১৩ জানুয়ারি হাঁস-মুরগির কৃষি জমির ধান খাওয়াকে কেন্দ্র করে প্রতিবেশী দুলাল মল্লিকের সঙ্গে মহারাজ খানের বাগ্বিতণ্ডা হয়। তর্কের একপর্যায়ে মহারাজ খান উত্তেজিত হয়ে ধারালো কাঁচি দিয়ে দুলাল মল্লিককে কুপিয়ে গুরুতর জখম করেন। স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গত ১৫ জানুয়ারি তার মৃত্যু হয়। নিহত দুলাল মল্লিক (৫৮) ওই একই গ্রামের মৃত আরশেদ মল্লিকের ছেলে।
এই ঘটনায় গত ১৬ জানুয়ারি নিহতের ছেলে মো. শাওন মল্লিক বাদী হয়ে চারজনের নাম উল্লেখ করে মির্জাগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। ওই মামলায় মহারাজ খানকে প্রধান আসামি করা হয়।
মির্জাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুস সালাম গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মামলার প্রধান আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারের পর আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতের মাধ্যমে পটুয়াখালী জেলা কারাগারে পাঠানো হয়েছে। মামলার অন্য আসামিদের বিষয়েও তদন্ত ও আইনি কার্যক্রম অব্যাহত রয়েছে।
রিপোর্টারের নাম 






















