সকালে অফিস বা কোনো গুরুত্বপূর্ণ মিটিংয়ে যাওয়ার সময় যদি হঠাৎ দেখেন শার্ট কুঁচকে গেছে, কিন্তু হাতের কাছে ইস্ত্রি নেই, তবে অনেকেই বিপাকে পড়েন। তবে চিন্তার কারণ নেই, কিছু সহজ ঘরোয়া কৌশলেই কয়েক মিনিটের মধ্যে পোশাকটি একদম পরিপাটি করে ফেলা সম্ভব।
চলুন জেনে নেওয়া যাক, ইস্ত্রি ছাড়া কীভাবে ঘরোয়া উপায়ে পোশাক টানটান করা যায়।
হেয়ার স্ট্রেটনার কেবল চুল সোজা করার কাজেই নয়, পোশাক টানটান করতেও সাহায্য করে। জামা, শাড়ি বা অন্য কোনো কুঁচকে যাওয়া পোশাক সোজা করার জন্য এটি বেশ উপকারী। বিশেষ করে জামার কলার, হাতা বা টাইয়ের মতো ছোট জায়গাগুলো স্ট্রেটনার দিয়ে সহজেই ইস্ত্রি করা যায়। তবে এটি সরাসরি ব্যবহার না করাই ভালো। পোশাকে ব্যবহারের আগে অল্প পানি ছিটিয়ে ভিজিয়ে নিন, এরপর স্ট্রেটনার দিয়ে চুল টানার মতোই কাপড়ে সোজা করে টেনে নিলেই হবে।
জামার কুঁচকে যাওয়া অংশে সামান্য ঠান্ডা পানি ছিটিয়ে এরপর হেয়ার ড্রায়ার ব্যবহার করুন। হালকা চাপ দিয়ে ড্রায়ারের বাতাস লাগালে জামাটি দ্রুত শুকিয়ে যাবে এবং পোশাকের কুঁচকানো ভাবও সহজে দূর হবে। রুমাল বা অন্তর্বাস ভিজে কুঁচকে গেলেও এই পদ্ধতিটি কাজে দেয়।
হাতের কাছে ইস্ত্রি না থাকলে ভেজা তোয়ালেও ব্যবহার করা যেতে পারে। কোনো মসৃণ জায়গায় পোশাকটি রেখে, তার ওপর একটি ভেজা তোয়ালে টানটান করে বিছিয়ে দিন। এরপর হাত দিয়ে চেপে চেপে সোজা করে নিন। সবশেষে হেয়ার ড্রায়ার দিয়ে শুকিয়ে নিলেই কুঁচকানো ভাব চলে যাবে।
রান্নাঘরের পরিচিত উপাদান ভিনেগার শুধু খাবারের স্বাদ বাড়ায় না, পোশাক টানটান করতেও এটি বেশ কার্যকর। চার কাপ পানির সঙ্গে এক কাপ ভিনেগার মিশিয়ে একটি স্প্রে বোতলে ভরে নিন। পোশাকের কুঁচকে যাওয়া জায়গাগুলোতে এই মিশ্রণটি স্প্রে করে হাত দিয়ে ঘষে ঘষে টানটান করলেই কয়েক মিনিটের মধ্যে ভাঁজ অনেকটাই দূর হবে এবং জামা বা শার্ট একদম পরিপাটি হয়ে উঠবে।
অ্যালুমিনিয়াম, তামা বা লোহার পাত্র গরম করেও কাজ চালানো যায়। পাত্রটি গরম করে এর তলা দিয়ে ইস্ত্রি করার মতো করে পোশাকের ভাঁজের ওপর চেপে চেপে চালিয়ে নিলেই পোশাকের ভাঁজ টানটান হয়ে যাবে।
রিপোর্টারের নাম 

























