বিএনপির কেন্দ্রীয় নেতা এবং নরসিংদী-২ (পলাশ) আসনে ধানের শীষ প্রতীকের সম্ভাব্য প্রার্থী ড. মঈন খান বলেছেন, জনগণের ভোটাধিকার নিশ্চিত হলেই বাংলাদেশ পুনরায় গণতন্ত্রের পথে ফিরবে। একটি সুন্দর, উন্নত ও উদারপন্থী গণতান্ত্রিক রাষ্ট্র গঠনে ভোটাধিকারের কোনো বিকল্প নেই। আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রবিবার বিকেলে ঘোড়াশাল পৌরসভা ৭ নং ওয়ার্ডে আয়োজিত এক উঠান বৈঠকে তিনি এসব কথা বলেন।
ড. মঈন খান তাঁর বক্তব্যে উল্লেখ করেন, যদি আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য এই নির্বাচনে জনগণ নির্ভয়ে ও স্বাধীনভাবে তাঁদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে, তবে বিএনপি বাংলাদেশকে একটি উদারপন্থী, গণতান্ত্রিক ও মানবিক রাষ্ট্র হিসেবে গড়ে তুলবে। তিনি জোর দিয়ে বলেন, একটি গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমেই দেশের সার্বিক উন্নয়ন সম্ভব।
তিনি আরও বলেন, বিএনপির রাজনীতির মূল লক্ষ্যই হলো সাধারণ মানুষের কল্যাণ নিশ্চিত করা। গ্রামীণ অবকাঠামোর উন্নয়ন, নারী ক্ষমতায়ন এবং পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে বিএনপি অঙ্গীকারবদ্ধ। একটি বৈষম্যহীন ও সমৃদ্ধ বাংলাদেশ গড়াই তাদের প্রধান লক্ষ্য।
ঘোড়াশাল পৌর বিএনপির যুগ্ম সম্পাদক মহিউদ্দিন চিশতির সভাপতিত্বে অনুষ্ঠিত এই উঠান বৈঠকে আরও উপস্থিত ছিলেন পলাশ উপজেলা বিএনপির সভাপতি আব্দুস সাত্তার, সাধারণ সম্পাদক সাইফুল হক, ঘোড়াশাল পৌর বিএনপির সভাপতি আলম মোল্লা, সহসভাপতি শাহরিয়ারুল শাকু এবং সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন। এছাড়া ছাত্রদল নেতা সজিব ভূইয়া, স্বেচ্ছাসেবক দল নেতা জয়নাল আবেদিনসহ বিএনপি ও এর অঙ্গসংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
সভায় স্থানীয় নেতাকর্মী ও ধানের শীষের সমর্থকদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়। বক্তারা আগামী জাতীয় সংসদ নির্বাচনে নরসিংদী-২ আসনে ধানের শীষ প্রতীকের পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করার জন্য সকলের প্রতি আহ্বান জানান। উঠান বৈঠক শেষে ড. মঈন খান স্থানীয় জনগণের সঙ্গে কুশল বিনিময় করেন এবং তাদের বিভিন্ন সমস্যার কথা শোনেন।
রিপোর্টারের নাম 






















