টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) ঘোষণা করেছে তাদের ১৫ সদস্যের দল। এই স্কোয়াডে চমক হিসেবে অলরাউন্ডার সালমান আগাকে অধিনায়ক করা হয়েছে, যেখানে সাবেক অধিনায়ক বাবর আজম দলে জায়গা পেলেও অভিজ্ঞ উইকেটরক্ষক মোহাম্মদ রিজওয়ান এবং গতি তারকা হারিস রউফ বাদ পড়েছেন। বাংলাদেশ ইস্যুতে বিশ্বকাপ বয়কটের আলোচনা চলাকালীন এই দল ঘোষণা করা হলো।
উল্লেখ্য, টি-টোয়েন্টি বিশ্বকাপকে ঘিরে সম্প্রতি আন্তর্জাতিক ক্রিকেট অঙ্গনে একটি বিতর্কের জন্ম হয়েছিল। নিরাপত্তাজনিত উদ্বেগের কারণে শ্রীলঙ্কায় বিশ্বকাপ আয়োজনের জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) আবেদন আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) কর্তৃক প্রত্যাখ্যাত হয়। পরবর্তীতে বাংলাদেশকে ভারতের মাটিতে খেলার নির্দেশনা দেওয়া হলে বাংলাদেশ সরকার তা প্রত্যাখ্যান করে। ফলস্বরূপ, বাংলাদেশ বিশ্বকাপ থেকে বাদ পড়ে এবং স্কটল্যান্ডকে খেলার সুযোগ দেওয়া হয়। এই ঘটনায় পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) আইসিসির সিদ্ধান্তের কড়া সমালোচনা করেছিল এবং বাংলাদেশের সমর্থনে বিশ্বকাপ বয়কটের বিষয়েও আলোচনা চলছিল।
গতকাল রোববার লাহোরে এক সংবাদ সম্মেলনে দলের ঘোষণা দেন পিসিবির নির্বাচক আকিব জাভেদ। এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন অধিনায়ক সালমান আগা ও কোচ মাইক হেসন। এই দলে নতুন মুখ হিসেবে সুযোগ পেয়েছেন সালমান আগা (অধিনায়ক), ফাহিম আশরাফ, খাজা নাফি, সালমান মির্জা, সাহিবজাদা ফারহান ও উসমান তারিক। এর আগে বিশ্বকাপ খেলার অভিজ্ঞতা রয়েছে আবরার আহমেদ, বাবর আজম, ফখর জামান, মোহাম্মদ নেওয়াজ, নাসিম শাহ, সাইম আইয়ুব, শাহিন শাহ আফ্রিদি, শাদাব খান ও উসমান খানের।
আগামী ৭ ফেব্রুয়ারি বৈশ্বিক এই আসরে নিজেদের উদ্বোধনী ম্যাচে নেদারল্যান্ডসের মুখোমুখি হবে পাকিস্তান। টুর্নামেন্টের ‘এ’ গ্রুপে পাকিস্তানের প্রতিপক্ষ হিসেবে রয়েছে ভারত, নামিবিয়া ও যুক্তরাষ্ট্র।
পাকিস্তান দল: সালমান আগা (অধিনায়ক), আবরার আহমেদ, বাবর আজম, ফাহিম আশরাফ, ফখর জামান, খাজা নাফি, মোহাম্মদ নেওয়াজ, সালমান মির্জা, নাসিম শাহ, সাহিবজাদা ফারহান, সাইম আইয়ুব, শাহিন শাহ আফ্রিদি, শাদাব খান, উসমান খান ও উসমান তারিক।
রিপোর্টারের নাম 























