নীলফামারীর জলঢাকা পৌরসভা এলাকায় যৌথ বাহিনীর মাদকবিরোধী অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য, নগদ অর্থ ও সরঞ্জামাদিসহ দুই মাদক কারবারিকে আটক করা হয়েছে। শনিবার (২৪ জানুয়ারি) দিবাগত রাতে নদীর পাড় ও আমরুলবাড়ী এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
আটককৃতরা হলেন রবিউল (৩৪) এবং গোলাম কিবরিয়া কিবু (৪২)। তাদের হেফাজত থেকে হেরোইন, ইয়াবা ট্যাবলেট, নগদ টাকা, একটি সুজুকি ১১০ মডেলের মোটরসাইকেল, তিনটি মোবাইল ফোন এবং মাদকের লেনদেন সংক্রান্ত দুটি হিসাবের খাতা উদ্ধার করা হয়েছে।
যৌথ বাহিনীর পক্ষ থেকে জানানো হয়, জলঢাকা ক্যাম্প কমান্ডার মেজর মাহমুদ-এর নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে সেনাবাহিনী ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সমন্বিতভাবে এই অভিযান পরিচালনা করেন। জলঢাকাসহ আশপাশের এলাকায় মাদকের বিস্তার রোধে নিয়মিত এমন অভিযান চলমান থাকবে বলে জানানো হয়েছে।
আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। জলঢাকা থানা অফিসার ইনচার্জ (ওসি) নাজমুল আলম জানান, আটক রবিউল ও গোলাম কিবরিয়া কিবুর বিরুদ্ধে জিআর ৩৩/২৬ নং মামলা রুজু করা হয়েছে এবং রবিবার দুপুর ১২টায় তাদের আদালতে পাঠানো হয়েছে।
এদিকে, যৌথ বাহিনীর এই সফল অভিযানে স্থানীয় বাসিন্দারা সন্তোষ প্রকাশ করেছেন। তারা আশা করছেন, মাদকের বিরুদ্ধে এমন কঠোর ও ধারাবাহিক অভিযান অব্যাহত থাকলে এলাকায় অপরাধ প্রবণতা উল্লেখযোগ্যভাবে হ্রাস পাবে।
রিপোর্টারের নাম 





















