রাঙামাটি জেলার জেলা প্রশাসক নাজমা আশরাফী বলেছেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সকল ভয়-ভীতি উপেক্ষা করে নির্বাচনী দায়িত্ব পালনের মাধ্যমে জাতিকে একটি নজিরবিহীন নির্বাচন উপহার দিতে হবে। তিনি জানান, নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে সকল ধরনের আইনশৃঙ্খলা ব্যবস্থা প্রস্তুত রাখা হয়েছে। রোববার (২৫ জানুয়ারি) কাপ্তাই উপজেলায় প্রিজাইডিং, সহকারী প্রিজাইডিং ও পোলিং অফিসারদের দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ডিসি নাজমা আশরাফী তার বক্তব্যে নির্বাচনী কর্মকর্তাদের নিরপেক্ষতা ও পেশাদারিত্বের ওপর জোর দেন। তিনি বলেন, অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করা আপনাদের পবিত্র দায়িত্ব। কোনো ধরনের চাপ বা প্রলোভনে প্রভাবিত না হয়ে আপনাদের কর্তব্য পালন করতে হবে। প্রশাসনের পক্ষ থেকে আপনাদের সকল প্রকার নিরাপত্তা নিশ্চিত করা হবে।
বিশেষ অতিথির বক্তব্যে রাঙামাটি জেলা পুলিশ সুপার মো. আব্দুর রাকিব পিপিএম বলেন, আগামী ১২ ফেব্রুয়ারি নির্বাচনকে সামনে রেখে আইনশৃঙ্খলা বাহিনী সম্পূর্ণ প্রস্তুত রয়েছে। তিনি নির্বাচনী কর্মকর্তাদের আশ্বস্ত করে বলেন, আপনাদের নিরাপত্তার দায়িত্ব আমরা নিচ্ছি, নির্ভয়ে এবং সততার সাথে আপনারা নিজ নিজ দায়িত্ব পালন করবেন।
কাপ্তাই উপজেলা নির্বাচন কর্মকর্তা মিতা পারিয়ালের সঞ্চালনায় অনুষ্ঠিত এই কর্মশালায় আরও বক্তব্য রাখেন কাপ্তাই উপজেলা নির্বাহী অফিসার মো. রুহুল আমিন, কাপ্তাই এএসপি সার্কেল জাহেদুল ইসলাম এবং রাঙামাটি জেলা নির্বাচন কর্মকর্তা মো. শফিকুর রহমান।
এ সময় কাপ্তাই সহকারী কমিশনার (ভূমি) নেলী রুদ্র, কাপ্তাই ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহামুদুল হাসান রুবেল, চন্দ্রঘোনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সেকর আহমেদসহ বিভিন্ন দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। এই গুরুত্বপূর্ণ প্রশিক্ষণে মোট ৩৩৫ জন প্রিজাইডিং, সহকারী প্রিজাইডিং ও পোলিং অফিসার অংশ নেন, যারা আসন্ন নির্বাচনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন।
রিপোর্টারের নাম 





















