ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা বিএনপির তিন নেতাকে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বহিষ্কার করেছে দলটি। বহিষ্কৃত নেতারা হলেন আলফাডাঙ্গা উপজেলা বিএনপির সহ-সভাপতি খুশবুর রহমান খোকন, পৌর বিএনপির সহ-সভাপতি রেজাউল করিম রেজা এবং ক্রীড়া বিষয়ক সম্পাদক সিরাজুল ইসলাম সুজা।
রোববার দুপুরে ফরিদপুর জেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ মোদাররেস আলী ইছা ও সদস্য সচিব এ কে এম কিবরিয়া স্বপন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই বহিষ্কারাদেশের কথা জানানো হয়।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, দলীয় শৃঙ্খলা বিরোধী অভিযোগ প্রমাণিত হওয়ায় ওই তিন নেতাকে আলফাডাঙ্গা উপজেলা বিএনপির সকল পদ থেকে বহিষ্কার করা হয়েছে। দলীয় সূত্রমতে, বহিষ্কৃত নেতারা উপজেলা ও পৌর বিএনপির গুরুত্বপূর্ণ পদে থাকা সত্ত্বেও দলীয় প্রার্থীর বিপক্ষে স্বতন্ত্র প্রার্থীর পক্ষে প্রচারণায় অংশ নিয়েছিলেন, যা দলীয় শৃঙ্খলার সুস্পষ্ট লঙ্ঘন।
জেলা বিএনপির পক্ষ থেকে দলের সর্বস্তরের নেতাকর্মীদের প্রতি নির্দেশ দেওয়া হয়েছে, বহিষ্কৃত নেতাদের সঙ্গে কোনো প্রকার রাজনৈতিক সম্পর্ক না রাখতে। এই পদক্ষেপকে দলের অভ্যন্তরীণ শৃঙ্খলা বজায় রাখার একটি কঠোর বার্তা হিসেবে দেখছেন রাজনৈতিক বিশ্লেষকরা।
রিপোর্টারের নাম 





















