কুমিল্লার দেবিদ্বারে জাতীয় গণতান্ত্রিক দল (এনসিপি)-এর দক্ষিণ অঞ্চলীয় মূখ্য সংগঠক এবং জামায়াত-এনসিপি জোটের প্রার্থী হাসনাত আব্দুল্লাহ সংবিধানে ‘বিসমিল্লাহ’ বহাল রাখা ও দুর্নীতিমুক্ত সুশাসন প্রতিষ্ঠার লক্ষ্যে আসন্ন গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন। রোববার (২৫ জানুয়ারি) উপজেলার ফতেহাবাদ ইউনিয়নের সাইচাপাড়া হাইস্কুল মাঠে আয়োজিত এক নির্বাচনি পদযাত্রা ও উঠান বৈঠকে তিনি এসব কথা বলেন।
হাসনাত আব্দুল্লাহ বলেন, সংবিধানে ‘বিসমিল্লাহ’ থাকবে কি না, তা নিয়ে গণভোটের মৌলিক প্রশ্নগুলো সেভাবে আলোচিত হচ্ছে না। তিনি ভোটারদের উদ্দেশে বলেন, আপনারা যদি পরিবর্তন চান, তাহলে গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেবেন। এ সময় তিনি ‘হ্যাঁ’ ভোটকে ‘শাপলা কলি’ মার্কার সঙ্গে তুলনা করেন।
তিনি আরও বলেন, এবারের নির্বাচনে আমাদের আরেকটি ভোট দিতে হবে, সেটি হলো গণভোট, যেখানে ‘হ্যাঁ’ ও ‘না’ অপশন থাকবে। আপনারা যদি দুর্নীতিমুক্ত দেশ, চাঁদাবাজমুক্ত সমাজ, স্বাধীন ও নিরপেক্ষ নির্বাচন কমিশন এবং গণভোটের মাধ্যমে সংবিধানের পরিবর্তন চান, তাহলে আগামী নির্বাচনে গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেবেন।
প্রার্থীদের উদ্দেশে হাসনাত আব্দুল্লাহ বলেন, যারা আমাদের ভোট দেবে না, তাদের কাছেও একাধিকবার যেতে হবে। আত্মীয়স্বজন যারা বাড়িতে থাকেন না, তাদের মোবাইল নম্বর সংগ্রহ করে ফোন করে ভোট চাইবেন। অন্য ইউনিয়নে বসবাসরত পরিচিত বা আত্মীয়দেরও ফোন দিয়ে ভোট চাওয়ার অনুরোধ করেন তিনি। এছাড়া, যারা এই মাসে বিয়ে করার পরিকল্পনা করছেন, তাদের দেবিদ্বারের মধ্যে বিয়ে করার চেষ্টা করার আহ্বান জানান তিনি।
তিনি বলেন, এবারের নির্বাচন রক্তের বিনিময়ে অর্জিত নির্বাচন। তাই যিনি যোগ্য, শিক্ষিত ও ভালো মানুষ, তাকেই ভোট দিয়ে নির্বাচিত করবেন। হাসনাত আব্দুল্লাহ অভিযোগ করেন, অতীতে আমরা তিনটি নির্বাচন দেখেছি, যেখানে দিনের ভোট রাতে হয়েছে এবং মৃত ব্যক্তিরাও ভোট দিয়েছেন। এমন নির্বাচন আমরা আর চাই না; আপনার ভোট আপনার পছন্দের প্রার্থীকেই দেবেন।
এ সময় নির্বাচনি পদযাত্রায় উপস্থিত ছিলেন কুমিল্লা উত্তর জেলা জামায়াতের সেক্রেটারি সাইফুল ইসলাম শহীদ, এনসিপির দেবিদ্বার উপজেলা ভারপ্রাপ্ত আহ্বায়ক মো. জাহাঙ্গীর আলম, যুবশক্তির কেন্দ্রীয় নেতা নাহিদুল ইসলাম নাহিদসহ এনসিপি ও জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
রিপোর্টারের নাম 
























