চুয়াডাঙ্গা জেলা জামায়াতে ইসলামী আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে একাদশ জাতীয় সংসদের নির্বাচনী জনসভার আয়োজন করেছে। এই জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় আমির ডা. শফিকুর রহমান। তাঁর আগমনকে কেন্দ্র করে জেলাজুড়ে সাজ সাজ রব বিরাজ করছে এবং দলীয় নেতাকর্মীরা নির্বাচনী প্রচারণায় সরব হয়ে উঠেছেন।
আগামীকাল টাউন মাঠে বেলা দুইটায় জেলা জামায়াতে আয়োজিত এই জনসভায় ১০ দলের সমন্বিত জোটও সমর্থন জানাবে। জনসভায় কেন্দ্রীয় আমীর ডা. শফিকুর রহমান প্রধান অতিথি হিসেবে ভাষণ দেবেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম এবং জামায়াতে ইসলামীর নির্বাহী পরিষদের সদস্য ও যশোর-কুষ্টিয়া অঞ্চলের পরিচালক মোহাম্মদ মোবারক হোসাইন।
এছাড়াও, জেলা জামায়াতের নায়েবে আমীর মাওলানা আজিজুর রহমান, চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য প্রার্থী ও জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মাসুদ পারভেজ রাসেল, আলমডাঙ্গা ও চুয়াডাঙ্গা সদরের আংশিক আসনের সংসদ সদস্য প্রার্থী আব্দুল কাদের, ইসলামী ছাত্র শিবিরের জেলা সভাপতি সাগর আহমেদ এবং বিভিন্ন উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ বক্তব্য রাখবেন।
বর্তমানে জেলার বিভিন্ন স্তরের নেতারা মঞ্চস্থলের পরিদর্শন করছেন এবং জনসভার সার্বিক প্রস্তুতি পর্যবেক্ষণ করছেন। এই নির্বাচনী জনসভায় জেলার বিভিন্ন পেশা ও শ্রেণীর সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ প্রত্যাশা করা হচ্ছে।
চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য প্রার্থী ও জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মাসুদ পারভেজ রাসেল জানান, কেন্দ্রীয় আমীরের এই জনসভা দলীয় নেতাকর্মী ও স্থানীয় জনগণের মধ্যে এক বিশেষ উৎসবের আমেজ তৈরি করেছে। তিনি মনে করেন, আমীরের আগমন চুয়াডাঙ্গার জনগণের জন্য এক আশীর্বাদ বয়ে আনবে। জনসভায় তিনি জেলার উন্নয়নে কার্যকর ভূমিকা রাখার প্রতিশ্রুতি দেবেন এবং অবহেলিত জেলাটিকে এগিয়ে নিতে সমান গুরুত্ব দিয়ে কাজ করার সুযোগ সৃষ্টির ব্যাপারে আলোকপাত করবেন। তিনি আরও জানান, জনসভার সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে এবং জেলাজুড়ে চলছে নিবিড় প্রচার প্রচারণা। সকল শ্রেণী-পেশার মানুষকে এই জনসভায় উপস্থিত থাকার জন্য আহ্বান জানানো হয়েছে।
রিপোর্টারের নাম 



















