দেশের প্রধান চালিকাশক্তি কৃষকদের ভালো রাখা এবং তাদের উন্নয়ন নিশ্চিত করা ছাড়া বাংলাদেশের সার্বিক উন্নয়ন সম্ভব নয় বলে মন্তব্য করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। গতকাল রোববার সকালে চট্টগ্রামের পলোগ্রাউন্ডে এক নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই কথা বলেন। জনসভায় বিপুল সংখ্যক নেতাকর্মী ও সাধারণ মানুষের উপস্থিতি লক্ষ্য করা যায়।
তারেক রহমান বলেন, দেশের বর্ধিত জনসংখ্যার চাহিদা মেটাতে এবং দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণে রাখতে হলে কৃষিখাতে উৎপাদন বৃদ্ধি করা অপরিহার্য। আর কৃষিজ উৎপাদন বাড়াতে হলে কৃষক ও কৃষাণীদের পাশে দাঁড়ানো এবং তাদের সহায়তা করা প্রয়োজন। তিনি বলেন, বিএনপি নির্বাচিত হলে আগামী ১২ ফেব্রুয়ারি থেকে পর্যায়ক্রমে দেশের সকল কৃষকের মাঝে কৃষি কার্ড বিতরণ করা হবে।
তিনি আরও জানান, বিএনপি জনগণকে যেসব প্রতিশ্রুতি দিয়েছে, সরকার গঠিত হলে তা ধাপে ধাপে বাস্তবায়ন করা হবে। তবে এর জন্য জনগণের সমর্থন ও ভোট প্রয়োজন। তিনি জনগণকে ধানের শীষে ভোট দিয়ে বিএনপিকে জয়যুক্ত করার আহ্বান জানান।
জননিরাপত্তা এবং দুর্নীতি দমনে কঠোর পদক্ষেপ নেওয়ার ওপর জোর দিয়ে তারেক রহমান বলেন, বিগত ১৫ বছর ধরে দেশের জনগণ এই দুটি মৌলিক অধিকার থেকে বঞ্চিত হয়েছে। অতীতে বিএনপি যখন ক্ষমতায় ছিল, তখন এই দুটি সমস্যা মোকাবিলায় সফল হয়েছিল। তিনি বলেন, বিএনপি সরকার প্রমাণ করেছে যে দলের অভ্যন্তরে কেউ অনৈতিক কাজে জড়িত থাকলেও তাকে ছাড় দেওয়া হয়নি। বিএনপি সরকার গঠন করলে কঠোরভাবে আইন-শৃঙ্খলা পরিস্থিতি উন্নত করা হবে, যাতে সাধারণ ও খেটে-খাওয়া মানুষ নির্বিঘ্নে জীবনযাপন করতে পারে।
তারেক রহমান বলেন, যেকোনো মূল্যে বিএনপি দুর্নীতি দমন করবে। ১৯৯৬ থেকে ২০০১ সাল পর্যন্ত ক্ষমতায় থাকা সরকার দুর্নীতি করে দেশকে পিছিয়ে দিয়েছিল। কিন্তু ২০০১ সালে বেগম খালেদা জিয়ার নেতৃত্বে সরকার গঠিত হওয়ার পর ধীরে ধীরে দেশকে দুর্নীতির করাল গ্রাস থেকে বের করে আনা সম্ভব হয়েছিল।
রিপোর্টারের নাম 



















