মেহেরপুরের গাংনীতে বাংলাদেশ সেনাবাহিনীর এক সফল অভিযানে সীমান্ত দিয়ে পাচার হয়ে আসা আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়েছে। রোববার ভোরে উপজেলার সিন্দুরকোট গ্রামের একটি ভুট্টাক্ষেত থেকে এসব অস্ত্র উদ্ধার করা হয়। ধারণা করা হচ্ছে, ভারত থেকে পাচার করে আনা এই অস্ত্রের চালানটি গন্তব্যে পৌঁছানোর আগেই সেনাবাহিনীর তৎপরতায় তা জব্দ করা সম্ভব হয়েছে।
সেনাবাহিনী সূত্রে জানা গেছে, গাংনী উপজেলার কাজিপুর সীমান্ত এলাকা দিয়ে ভারত থেকে অবৈধ আগ্নেয়াস্ত্রের একটি চালান বাংলাদেশে প্রবেশ করেছে—এমন গোপন সংবাদের ভিত্তিতে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হয়। পাচারকারীরা অস্ত্র ও গুলি সিন্দুরকোট গ্রামের একটি নির্জন ভুট্টাক্ষেতে লুকিয়ে রেখেছিল। বিষয়টি নিশ্চিত হওয়ার পর সেনাবাহিনীর গাংনী ক্যাম্পের দুটি বিশেষ দল ওই এলাকায় একটি ঝটিকা অভিযান পরিচালনা করে।
অভিযান চলাকালে ক্ষেতের ভেতর পরিত্যক্ত অবস্থায় একটি ব্যাগ পাওয়া যায়। ব্যাগটি তল্লাশি করে স্কচটেপ দিয়ে মোড়ানো অবস্থায় একটি বিদেশি পিস্তল, একটি ওয়ান শুটারগান, একটি ম্যাগাজিন এবং দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়। তবে সেনাবাহিনীর উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা আগেই ঘটনাস্থল থেকে সটকে পড়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
উদ্ধারকৃত আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ পরবর্তী আইনি প্রক্রিয়ার জন্য মেহেরপুরের গাংনী থানায় হস্তান্তর করা হয়েছে। সীমান্ত দিয়ে অবৈধ অস্ত্রের প্রবেশ রোধ এবং জননিরাপত্তা নিশ্চিত করতে সেনাবাহিনীর এ ধরনের কঠোর অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানানো হয়েছে।
রিপোর্টারের নাম 



















