জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) সদ্য সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে অবিলম্বে গ্রেপ্তার করে বিচারের আওতায় আনার দাবি জানিয়েছে। শুক্রবার সন্ধ্যায় দলটির অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই দাবি উত্থাপন করেন দলের সদস্য সচিব আখতার হোসেন।
সংবাদ সম্মেলনে আখতার হোসেন বলেন, ‘আমরা জোর দাবি জানাচ্ছি যে, অবিলম্বে এই সাহাবুদ্দিন চুপ্পুকে গ্রেপ্তার করতে হবে এবং বিচারের আওতায় নিয়ে আসতে হবে।’ তিনি আরও বলেন, ‘আমরা দেখেছি যে, তিনি তার পদত্যাগপত্রে যে কারণ দেখিয়েছেন তা অপ্রাসঙ্গিক। অসুস্থতার অজুহাত দেখালেও তার পদত্যাগপত্রের ভাষা এমনভাবে সাজানো হয়েছে যা তার জন্য একটি ‘সেফ এক্সিট’ বা নিরাপদ প্রস্থান নিশ্চিত করতে পারে। কিন্তু এই সাহাবুদ্দিন চুপ্পুকে কোনোভাবেই নিরাপদ প্রস্থানের সুযোগ দেওয়া উচিত নয়। তিনি যে অপরাধ করেছেন, তার জন্য তাকে অবশ্যই বিচারের আওতায় আনতে হবে।’
এনসিপির সদস্য সচিব সাহাবুদ্দিনকে ‘ফ্যাসিবাদের দোসর’ এবং ‘ফ্যাসিস্ট’ আখ্যা দিয়ে বলেন, ‘তিনি যদি বিচারের আওতায় না আসেন, তাহলে ২০২৪ সালের গণঅভ্যুত্থানে যারা জীবন দিয়েছেন, তাদের বিচার অপূর্ণাঙ্গ থেকে যাবে।’
সরকারের প্রতি দাবি জানিয়ে তিনি বলেন, ‘হয়তো এতদিন তিনি রাষ্ট্রপতি পদে আসীন থাকার কারণে তার বিরুদ্ধে আইনগত কোনো পদক্ষেপ নেওয়া সম্ভব হয়নি। কিন্তু, তিনি পদত্যাগ করার সাথে সাথেই তার ব্যাপারে আইনগত দায়মুক্তি বা ইনডেমনিটির কোনো সুযোগ নেই। তার দায়মুক্তির আর কোনো বিধান নেই। এই অবস্থায় অনতিবিলম্বে তাকে গ্রেপ্তার করে বিচারের আওতায় আনার জন্য সরকারকে অবশ্যই উদ্যোগ নিতে হবে।’
রিপোর্টারের নাম 























